ডেইলি স্টারের দুই দশক পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন
‘স্বাধীনতার ৪০ বছর, স্বাধীন সাংবাদিকতার ২০ বছর’ স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো -এর দুই দশক পূর্তি উৎসব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। সন্ধ্যা থেকে অনুষ্ঠানস্থলে সমবেত হন দেশি-বিদেশি বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট নাগরিকেরা। অনুষ্ঠানে এসেছিলেন মন্ত্রী-সাংসদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, সাংস্কৃতিককর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন দেশের কূটনীতিকেরা।দেশের ইংরেজি দৈনিকগুলোর মধ্যে প্রচারসংখ্যায় শীর্ষে থাকা ডেইলি স্টার-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ভারত, পাকিস্তান, নেপালের বিভিন্ন সংবাদপত্র এবং টেলিভিশনের ১০ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক। তাঁরা হলেন, ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার, ভারতের দ্য স্টেটসম্যান পত্রিকার প্রধান সম্পাদক রবীন্দ্র কুমার, মুম্বাইয়ের টাইমস অব ইন্ডিয়ার সম্পাদক জয়দ্বীপ বোস, টাইমস গ্রুপের পরামর্শক সম্পাদক দিলীপ পাডগাওকার, ডিকেন হেরাল্ড পত্রিকার প্রধান সম্পাদক কে এন তিলক কুমার, নেপালের নেপালি টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক কুন্ডা দীক্ষিত, নাগরিক পত্রিকার প্রধান সম্পাদক নারায়ণ ওয়াগলে, পাকিস্তানের জিয়ো টেলিভিশনের নির্বাহী সম্পাদক হামিদ মির, ডন পত্রিকার প্রধান সম্পাদক জাফর আব্বাস এবং দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন মিডিয়া ওয়ার্ল্ডের চেয়ারপারসন রোকেয়া আফজাল রহমান। তিনি বলেন, ‘আমরা মনে করি, মানুষের পক্ষে, দেশের পক্ষে কাজ করতে হলে একটি পত্রিকার সাংবাদিকদের সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে ডেইলি স্টার সাংবাদিকতার স্বাধীনতা ভোগ করে।’ তিনি বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে পত্রিকাটি ভূমিকা রেখে আসছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। পত্রিকাটির ওপর মানুষ নির্ভর করে।কুলদীপ নায়ার বলেন, সংবাদপত্র গণতন্ত্রের জন্য অবিচ্ছেদ্য। ডেইলি স্টার সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে সে ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র ও বহুমতকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে ডেইলি স্টার বাংলাদেশে একটি জায়গা করে নিয়েছে। তিনি বলেন, ডেইলি স্টার কেবল গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের কথাই বলে না, এগুলোকে সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধও করে। গত ২০ বছরে গণতান্ত্রিক প্রক্রিয়ারও অংশ এই পত্রিকাটি।ভারত, পাকিস্তান ও নেপাল থেকে আগত সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা সংক্ষিপ্ত বক্তব্যে ডেইলি স্টারকে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির আরও সাফল্য কামনা করেন। সমাপনী বক্তব্যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘বাংলাদেশে ইংরেজি পত্রিকার মধ্যে ডেইলি স্টার ৭৪ ভাগ জায়গা দখল করে আছে। আমরা ২০ বছর পূর্তি উদ্যাপন করছি। কারণ ২০ বছর ধরে এ দেশের মানুষ স্বাধীনতা ভোগ করে আসছে। যদি গণতন্ত্র একটি গান হয় তবে ডেইলি স্টার সেই গান উচ্চ স্বরে গেয়ে আসছে। দেশের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, পরিবেশ রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরাই পত্রিকাটির লক্ষ্য।’মাহফুজ আনাম বলেন, যখন সরকার ও মুক্ত গণমাধ্যমের মধ্যে সংঘাত হবে, তখন সরকারই জিতবে। কিন্তু এই জয় সাময়িক। শেষ পর্যন্ত মুক্ত গণমাধ্যমের জয় হবে। কিন্তু মাঝে অনেক সময় নষ্ট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে এই সময় নষ্ট করার ভার নেওয়া সম্ভব নয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে এলিটা করিমের গান ও মিনু হকের পরিচালনায় নৃত্যানুষ্ঠান সবাইকে মুগ্ধ করে। থিম সং পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।এর আগে সকালে ডেইলি স্টার কার্যালয়ে ছিল মতবিনিময় সভা। এ অনুষ্ঠানে তিন দেশ থেকে আসা বিশিষ্ট সাংবাদিকদের বিভিন্ন বিষয় অবহিত করেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, হোসেন জিল্লুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য ও শাহীন আনাম। পরে আমন্ত্রিত বিদেশি সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা এতে যোগ দেন। গত ১৪ জানুয়ারি থেকে সারা দেশে পথনাট্য উৎসবের মধ্য দিয়ে শুরু হয় পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। দেশের ৫০টি জেলা শহরে পথনাট্য উৎসবের আয়োজন করা হয়। ২৫ থেকে ৩১ জানুয়ারি ঢাকায় শিল্পকলা একাডেমীর তিনটি হলে মোট ২১টি জনপ্রিয় নাটক মঞ্চস্থ হয়। এ ছাড়া ছিল ক্লাসিক্যাল নাচ ও গান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় লোক উৎসব। শিল্পকলায় আয়োজন করা হয় পুরোনো দিনের গানের অনুষ্ঠান ‘তারা ভরা রাত’। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উদ্যাপনের পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মীরা উদ্যাপন করে প্রতিষ্ঠার ২০ বছর। পত্রিকাটির শুরু থেকে টানা ২০ বছর সঙ্গে আছেন এমন ৭০ জনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।