ডেইলি স্টারের সঙ্গে চারটি হোটেলের চুক্তি
রাজধানীর চারটি হোটেলের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি সই করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। চুক্তি অনুযায়ী ওই হোটেলগুলোর গ্রাহকদের দ্য ডেইলি স্টার পত্রিকাটি সরবরাহ করা হবে। ডেইলি স্টারও ওই হোটেলগুলোর ওপর বিভিন্ন ধরনের সংবাদ নিয়মিত প্রচার করবে। হোটেল চারটি হলো সোনারগাঁও হোটেল, হোটেল রূপসী বাংলা, দি ওয়েস্টিন ঢাকা ও ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আজ সোমবার রাজধানীর ডেইলি স্টার কমপ্লেক্সে ডেইলি স্টার কর্তৃপক্ষ ও হোটেল চারটির মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।চুক্তি সই অনুষ্ঠানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, সহযোগী হোটেলগুলোর নানা সেবা নিয়ে সংবাদ পরিবেশন করবে ডেইলি স্টার। তিনি আরও বলেন, কিন্তু তার মানে এই নয়, হোটেলগুলো কোনো নেতিবাচক কাজ করলে সেই সংবাদ প্রকাশ করা হবে না।মাহফুজ আনাম আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়নশীল খাতের মধ্যে পর্যটনশিল্প ও হোটেল, মোটেলগুলো অন্যতম। আমরা মনে করছি, সময় এসেছে এ খাতগুলোকে উত্সাহিত করার। আমরা পত্রিকার মাধ্যমে নানাভাবে এ খাতকে উত্সাহিত করার চেষ্টা করব।’ এ ধরনের উদ্যোগে পাশে থাকার জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনকেও ধন্যবাদ জানান তিনি।প্রধান অতিথির বক্তব্যে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার বলেন, ডেইলি স্টারের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। পাঠকপ্রিয় এ পত্রিকাটি পাঠকদের অংশগ্রহণের মধ্য দিয়ে পর্যটনশিল্পের নানাদিক সম্পর্কে আলোকপাত করে সবাইকে আরও সমৃদ্ধ করবে। বাংলাদেশে পর্যটনশিল্পের বিকাশে মিডিয়ার ভূমিকার ব্যাপারেও তিনি প্রশংসা করেন। এমনকি পরে দেশে পর্যটনশিল্পের বিকাশের ক্ষেত্রে মিডিয়ার সহযোগিতার ব্যাপারেও গুরুত্ব দেন তিনি।সোনারগাঁও হোটেলের মহাব্যবস্থাপক এলড্রিজ জে ম্যাক ইওন তাঁর বক্তব্যের শুরুতে বাংলা ভাষায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পর্যটন হচ্ছে এমন একটি শিল্প যার সঙ্গে একটি দেশের প্রতিটি নাগরিক যুক্ত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রূপসী বাংলা হোটেলের পক্ষে শহীদুস সাদেক, হোটেল দি ওয়েস্টিনের মহাব্যবস্থাপক আজীম শাহ ও ঢাকা রিজেন্সি হোটেলের নির্বাহী পরিচালক শহিদ হামিদ।