ডেকে নেওয়া হলো বাড়ি থেকে, লাশ ঝুলে ছিল গাছে
নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া মহল্লার যুবক শাকিল আহম্মদকে (২৩) গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাঁর কয়েকজন বন্ধু। গতকাল শুক্রবার সকালে একই মহল্লার একটি নার্সারির ভেতর গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তাঁর লাশ। পাশে পড়ে ছিল একটি মাদুর ও তাসের কিছু ছেঁড়া টুকরা।শাকিলের পরিবারের অভিযোগ, বন্ধুরাই তাঁকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় শাকিলের তিন বন্ধু—জীবন, রুবেল ও শাহীনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল সদর থানায় একটি হত্যা মামলা করেছেন তাঁর বাবা হেলাল মুন্সী। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।হেলাল মুন্সী বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কয়েকজন বন্ধু শাকিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে আর সে বাড়ি ফেরেনি। আমরা রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। সকালে লোকমুখে জানতে পারি, মহল্লার বিএডিসির একটি নার্সারির মধ্যে একটি জামগাছে ঝুলে আছে লাশ।’নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, লাশটি এক খণ্ড কাপড় দিয়ে ঝোলানো ছিল। শরীরে মারধরের আঘাত রয়েছে। তবে পরনের শার্ট-প্যান্ট ও জুতা ঠিক ছিল। তাঁকে সম্ভবত শ্বাসরোধে হত্যা করা হয়েছে।ওসি আরও জানান, নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, শাকিল ও তাঁর বন্ধুরা মাদক ব্যবসাসহ ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।শাকিলের চাচাতো ভাই মনির হোসেন জানান, শাকিল একসময় শহরের একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন। তবে কিছুদিন ধরে তিনি বেকার ছিলেন। তিনি বিএনপির সমর্থক ছিলেন; মাঝেমধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতেন।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপির নেতা জাহিদুর রহমান জানান, শাকিল ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে মহল্লার প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে তাঁর বিরোধ থাকতে পারে।