ডেঙ্গুতে চিকিৎ সকের মৃত্যু, আক্রান্ত ১৬১ জন
রাজধানীর বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে একজন চিকিৎ সক মারা গেছেন। সরকারি হিসাবে চলতি মাসে এ জ্বরে আক্রান্ত হয়েছে আরও ১৬১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক এক জরিপে অভিজাত এলাকার অনেক বাড়িতে এডিস মশা হওয়ার মতো পরিবেশ পাওয়া গেছে। অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক বেনজির আহমেদ প্রথম আলোকে বলেন, অধিদপ্তর ধানমন্ডি এলাকায় শতকরা ৯৫ ভাগ বাড়িতে এবং গুলশান ক্লাবের আশপাশের শতকরা ৫০ ভাগ বাড়িতে এডিস মশার উৎ পত্তিস্থল খুঁজে পেয়েছে। এ পরিস্থিতি জানালে ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নাসির উদ্দীন দাবি করেন, এ বছর বৃষ্টিপাত প্রতিবছরের তুলনায় একটু আগেই শুরু হয়েছে। সে কারণে তাঁরাও আগেভাগে মশকনিধনের কাজ শুরু করেছেন। তিনি দাবি করেন, গত চার বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর নেই। তবে গত শুক্রবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু জ্বরে একজন চিকিৎ সক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ওই চিকিৎ সকের নাম মাফরুহা সুমী (৩২)। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎ সা কর্মকর্তা ছিলেন। তাঁর স্বামী মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল কর্মকর্তা জসীমউদ্দিন প্রথম আলোকে জানান, গত শনিবার থেকে মাফরুহা জ্বরে ভুগছিলেন। বুধবার তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর রক্তবমি হয়েছে। ফুসফুসে পানি জমে কিডনি ও হূদযন্ত্র অকেজো হয়ে গেছে। বৃহস্পতিবার রাত পৌনে দুইটায় তিনি মারা যান। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি খাতায় এই ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নেই। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নাসির উদ্দীন দাবি করেন, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মাধ্যমে গণসচেতনতা তৈরি করছে করপোরেশন। প্রতি ওয়ার্ডে তিনটি মেশিন দিয়ে সকাল-বিকাল ওষুধ ছিটানো হচ্ছে। এখন ডেঙ্গু একটি স্বাভাবিক রোগ, সবাই সচেতন।তবে রাজধানীর ধানমন্ডি ২৮ নম্বরের বাসিন্দা ইশরাত রেজা প্রথম আলোকে বলেন, তাঁর এলাকায় গত কয়েক দিনের মধ্যে ঢাকা সিটি করপোরেশন থেকে মশার ওষুধ ছিটানো হয়নি। কাজীপাড়ার এলিজা নিয়াজ বলেন, ঢাকা সিটি করপোরেশনের কোনো তৎ পরতা তাঁরা দেখতে পাচ্ছেন না। তিন বছরের সন্তানকে যেন এডিস মশা কামড়াতে না পারে, সে জন্য তিনি দিনেও মশারি খাটিয়ে রাখছেন। তবে, নিকেতনের বাসিন্দা শওকত আলী বলেন, মাঝেমধ্যে ঢাকা সিটি করপোরেশনের লোকজন এসে মশার ওষুধ ছিটিয়ে যায়। এই অভিযোগের জবাবে সিটি করপোরেশনের কর্মকর্তার দাবি, অভিজাত এলাকার বেশির ভাগ বাসায় তাঁরা ঢুকতেই পারছেন না। ফলে মশার ওষুধ দেওয়াও সম্ভব হচ্ছে না। ডেঙ্গু প্রতিরোধে পরামর্শ: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাক হোসেন বলেন, এই সময় প্রচণ্ড জ্বরের সঙ্গে মাথা বা চোখ ও গায়ে ব্যথা হলে চিকিৎ সকের পরামর্শ নিতে হবে। জ্বর হলেই অনেকের মধ্যে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা আছে। কিন্তু ডেঙ্গু হলে অ্যান্টিবায়োটিক খাওয়া চলবে না। প্রচুর পানি খেতে হবে। তিনি বলেন, কোনো কোনো সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির রক্তক্ষরণ হতে পারে। এতে করে রোগটি জটিল হয়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা বলেন, এডিস মশা পরিষ্কার পানিতে জন্মায়। বাড়ির আশপাশে কোথাও বৃষ্টির পানি জমে আছে কি না, তা নিয়মিত খেয়াল রাখতে হবে। টব, বাড়ির আশপাশে পড়ে থাকা ভাঙা পাত্রের টুকরো, এসি বা ফ্রিজের পানি জমে থাকে—এমন জায়গাগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। পানি জমতে দেওয়া যাবে না।