ডেনিশ কার্টুনিস্টের হামলাকারী গুলিবিদ্ধ
মহানবী (সা.)-এর কার্টুন আঁকার জন্য আন্তর্জাতিকভাবে সমালোচিত ডেনমার্কের কার্টুনিস্ট কার্ট ওয়েস্টাগার্ডের বাড়িতে ঢুকে হামলা চালানোর চেষ্টা করে একজন সোমালীয়। এ সময় পুলিশ গুলি করে এক সোমালীয়কে আহত করেছে। হামলাকারী সোমালিয়ার ইসলামিক আল শাহাব জঙ্গি দলের সঙ্গে জড়িত বলে পুলিশ সন্দেহ করছে।বিবিসির খবরে বলা হয়, ২০০৫ সালে মহানবী (সা.)কে নিয়ে আঁকা কার্টুনটি ডেনমার্কের পত্রিকা জিল্যান্ডস পোস্টেন-এ প্রকাশিত হয়। প্রকাশিত ওই কার্টুনে মহানবীর মাথায় পরা পাগড়ির ওপর একটি বোমা আঁকা হয়েছিল। ২০০৬ সালে পত্রিকাটি ওই কার্টুনের জন্য ক্ষমাপ্রার্থনা করে। তবে ইউরোপের অন্য কিছু পত্রিকা কার্টুনটি প্রকাশ করে। প্রকাশিত কার্টুনের প্রতিবাদে ডেনিশ দূতাবাসে মুসলিমেরা বিক্ষোভ করে। দাঙ্গায় ১২ জন নিহত হন। এ ঘটনার পরে জীবনের নিরাপত্তার জন্য ওয়েস্টাগার্ড আত্মগোপন করেন। তবে গত বছর থেকে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পুলিশ তাঁর বাড়ির ওপর সার্বক্ষণিক নজরদারি করছে। পুলিশ জানায়, ওই ব্যক্তি ছুরি নিয়ে ওয়েস্টাগার্ডের বাড়িতে হামলা চালায় এবং তাঁকে হত্যার হুমকি দেয়। ওয়েস্টাগার্ডকে এখন আরহাসে অবস্থিত তাঁর নিজ বাড়ি থেকে সরিয়ে নিয়ে নিরাপদে রাখা হয়েছে। সন্দেহভাজন সোমালীয় জঙ্গিকে হাঁটু ও কাঁধে ছুরি দিয়ে আঘাত করা হয়। তিনি গুরুতর আহত হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক নয় বলে পুলিশ জানায়। ইসলামিক জঙ্গি দল ডেনমার্কের কার্টুনিস্ট ওয়েস্টাগার্ডের মাথার দাম চেয়েছে এক মিলিয়ন ডলার।