ডেনিশ দল আমার লেখা নাটক করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘যাও পাখি’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন আজাদ আবুল কালাম। নাটকে তিনি অভিনয়ও করেছেন। আর পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। কথা হলো আজাদ আবুল কালামের সঙ্গে। মাঝে কিছুদিন আপনাকে পাওয়া যায়নি। কোথায় গিয়েছিলেন?ডেনমার্কে। ডেনিশ নাটকের দল কুন্স আমার লেখা একটি নাটক করেছে। নাম টাইম অ্যান্ড ভিক্টিমাইজেশন। সেই নাটকের উদ্বোধনী প্রদর্শনী দেখার জন্য তারা আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। পাশাপাশি এক সপ্তাহ তাদের মহড়া করিয়েছি। আমি তো ইংরেজি ভাষায় লিখেছি। কিন্তু ওরা নাটকে ডেনিশ ও আরবি ভাষা যুক্ত করেছে। কারণ ওরকম কয়েকটি চরিত্র ছিল। কুনসের সঙ্গে আপনার যোগাযোগ হলো কীভাবে?ইন্টারনেটের মাধ্যমে। প্রায় বছর চারেক আগে ওরা বিশ্বের নানান দেশ থেকে নাটক চেয়েছিল। তখন আমিও একটি নাটক পাঠিয়েছিলাম। এরপর অনেক দিন তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। মাঝে হঠাৎ আমি জানতে পারি, কুন্স আমার নাটকটি মনোনীত করেছে। আমি ছাড়াও ডেনমার্ক, অস্ট্রিয়া, দক্ষিণ আফ্রিকা ও কানাডার নাট্যকারদের নাটক তারা নিয়েছে। এরপর লেখাটা আরেকটু পরিমার্জন করে আবার পাঠাই। এই নাটকটির কয়টি প্রদর্শনী হয়েছে?ওখানে সাধারণত একটি নাটকের টানা ৩০-৪০টা প্রদর্শনী হয়। এরপর আরেকটি নাটক তারা হাতে নেয়। টাইম অ্যান্ড ভিক্টিমাইজেশন নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ২০ মে। আমি সেখানে ছিলাম ৩ জুন পর্যন্ত। ওই সময়ের মধ্যেই দেখেছি কয়েকটি প্রদর্শনী হয়ে গেছে। এর আগে কখনো ডেনমার্কে কাজ করেছেন?হ্যাঁ। রয়্যাল ডেনিশ থিয়েটারে আমি একসময় নির্দেশনার কাজ করেছি। আমার সঙ্গে একজন ডেনিশ পরিচালক ছিলেন। সময়টা ছিল ২০০৬ সাল। ‘যাও পাখি’ নাটকের কী খবর?আমার আর এক দিনের শুটিং বাকি আছে। আর নাটকটির গল্পও শেষ দিকে চলে এসেছে। নাটকটি তো ভারতের কলকাতার প্রেক্ষাপটে লেখা। আমরা একে ঢাকার প্রেক্ষাপটে আনতে গিয়ে কিছুটা এদিক-সেদিক করেছি। কিন্তু শেষ দিকে এসে উপন্যাসকে হুবহু অনুসরণ করছি।আপনি তো চলচ্চিত্রে কাজ করছেন।এবার সরকারি অনুদানের দুটি ছবিতে কাজ করেছি। মাহমুদুল হকের ‘মাটির জাহাজ’ অবলম্বনে বেলাল আহমেদ তৈরি করছেন অনিশ্চিত যাত্রা। প্রায় পুরো কাজটাই নদীতে নদীতে করেছি। আর সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ থেকে নাসির উদ্দীন ইউসুফ তৈরি করছেন গেরিলা। পরিচালক নিজেও যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার অভিজ্ঞতাকে শতভাগ কাজে লাগাচ্ছেন এখানে। কোথাও এতটুকু ছাড় দিচ্ছেন না।