ডেপুটি স্পিকার-ফজলুল আজিমের উত্তপ্ত বাক্যবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতে না দেওয়ায় সংসদ থেকে ওয়াকআউট করেছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। আজ বুধবার সংসদ চলাকালে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি ওয়াকআউট করেন। তবে মিনিট পাঁচেক পর তিনি আবার সংসদে ফিরে আসেন।ফজলুল আজিম রোহিঙ্গা সমস্যা নিয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলতে চাইলে তা সংসদের কার্যবিধি অনুযায়ী না হওয়ায় ডেপুটি স্পিকার তাঁর মাইক বন্ধ করে দেন। এ সময় ডেপুটি স্পিকার এবং আজিমের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন সংসদে উপস্থিত ছিলেন।সংসদে কার্যধারার কোনো বিষয়ে বৈধতার প্রশ্ন দেখা দিলে সে বিষয়ে ৩০১ বিধিতে (পয়েন্ট অব অর্ডার) কথা বলা যায়। ফজলুল আজিম এই বিধিতে কথা বলতে চাইলে ডেপুটি স্পিকার বলেন, ‘সংবিধানের কোনো অনুচ্ছেদ বা কার্যপ্রণালি বিধির কোনো বিধি লঙ্ঘিত হয়েছে কি না তা আপনাকে বলতে হবে। এ শর্তে আপনাকে ফ্লোর দেওয়া হলো।’এরপর ফজলুল আজিম বলেন, ‘কেতাব দিয়ে সংসদ চলে না। ৩০১ বিধিতে রাষ্ট্র, জনগণ, সংসদ এবং এমপিদের অধিকারসহ সব বিষয়ে কথা বলা যায়। আপনাকে আইনের স্পিরিট ও এসেন্স দেখতে হবে। আমি আপনাকে আপনার কাজটা মনে করিয়ে দিতে চাচ্ছি।’তখন ফজলুল আজিমের মাইক বন্ধ করে দিয়ে ডেপুটি স্পিকার উত্তেজিত কণ্ঠে বলেন, ‘আপনাকে মাইক দিলাম। কিন্তু আপনি তো পয়েন্ট অব অর্ডারে কথা বললেন না। আপনি জ্ঞান দিলেন। আমার দায়িত্ব আপনাকে বলতে দেওয়া। আমি আমার কাজ করছি। আপনি পয়েন্ট অব অর্ডারে কথা বলুন।’ মাইক পেয়ে ফজলুল আজিম আবারও রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতে চাইলে ডেপুটি স্পিকার তাঁর মাইক বন্ধ করে দেন। বলেন, ‘এতে সংবিধানের কোন বিধি লঙ্ঘিত হয়েছে? আপনার বক্তব্য ৩০১ বিধিতে পড়ে না। এ জন্য আপনি নোটিশ দিতে পারতেন, দেননি কেন? ভবিষ্যতে নোটিশ দিয়ে কথা বলবেন।’ তখন ফজলুল আজিম বলেন, ‘আপনি চালান, আমি ওয়াক আউট করছি।’ তার আগে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল-২০১২ সংসদে পাস হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন। এতে সাংসদ ফজলুল আজিমের দুটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়।