ডেভিড ক্যামেরনকে লক্ষ্য করে...
এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন দেশটির পুলিশ ইউনিয়নের এক নেতা।একজন কর্তব্যরত পুলিশ কর্মকর্তার প্রতি ব্রিটিশ সরকারের চিফ হুইপ অ্যান্ড্রু মিচেলের অসৌজন্যমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে চলমান বিতর্কের জেরে এ ঘটনা ঘটেছে। লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের প্রধান ফটকে গত বুধবার ওই অসৌজন্যমূলক মন্তব্য করার ঘটনা ঘটে। মিচেল কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে গালি দেন এবং তাঁকে ‘ইতর’ বলে সম্বোধন করেন বলে যুক্তরাজ্যের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার খবরে বলা হয়। অবশ্য পুলিশের প্রতি অসৌজন্যমূলক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন মিচেল।ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটান পুলিশ ফেডারেশনের চেয়ারম্যান জন টালি বলেন, কর্মকর্তারা মনে করেন যে সরকার পুলিশকে অপছন্দ করে। টালি আরও বলেন, গত মঙ্গলবার ম্যানচেস্টারে নিহত দুই পুলিশ কর্মকর্তার প্রতি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের শ্রদ্ধা ‘ফাঁপা বুলি’ ছাড়া আর কিছু নয়। টালি দাবি করেন, এটা শুধু তাঁর একার মতামত নয়, আরও অনেক সহকর্মীও তা-ই মনে করেন। তবে ডাউনিং স্ট্রিট পরিষ্কার করে বলেছে, পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর অগাধ শ্রদ্ধা রয়েছে। কিন্তু টালির মন্তব্যের ব্যাপারে ডাউনিং স্ট্রিট থেকে কিছুই বলা হয়নি।কনজারভেটিভ পার্টির এমপি অ্যান্ড্রু মিচেল দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি স্বীকার করছি, পুলিশের সঙ্গে যে ধরনের সৌজন্যমূলক ব্যবহার করা উচিত, তা আমি করিনি।’ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, চিফ হুইপের ওই আচরণ সম্পর্কে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অবগত আছেন। অ্যান্ড্রু মিচেলের দুঃখ প্রকাশকে তিনি স্বাগত জানান।লন্ডনের মহানগর পুলিশ বলেছে, তারা মিচেলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করেনি। বুধবার রাতে সাইকেল চালিয়ে ডাউনিং স্ট্রিটের প্রধান ফটক পার হচ্ছিলেন মিচেল। এ সময় ওই পুলিশ কর্মকর্তা মিচেলকে বাধা দিয়ে পথচারীদের জন্য নির্মিত ছোট একটি ফটক দিয়ে তাঁকে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ কর্মকর্তাকে কটু কথা বলেন তিনি।