ডেভিড-বিজয়লক্ষ্মীর অপূর্ব প্রেমকাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ডেভিড ও বিজয়লক্ষ্মীর ভালোবাসার গল্প সিনেমার কাহিনিকেও যেন হার মানিয়েছে। ধর্মীয় ও অর্থনৈতিক বৈষম্যকে দূরে সরিয়ে ভালোবাসাকে জয় করেছেন তাঁরা।খ্রিষ্টধর্মাবলম্বী ডেভিডের পড়াশোনা মাত্র দশম শ্রেণী পর্যন্ত। পেশায় একজন গাড়িচালক। আর বিজয়লক্ষ্মী চেন্নাইয়ের স্টিলা ম্যারি’স কলেজ থেকে বিএসসি ও এমসিএ পাস করেন। তিনি উচ্চ-মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কাজ করেন একটি কম্পিউটার সফটওয়্যার কোম্পানিতে।টিএনএনের খবরে বলা হয়, ডেভিড যে কোম্পানির গাড়িচালক ছিলেন, সেই কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সবে চাকরি শুরু করেছেন বিজয়লক্ষ্মী। প্রথমে শুধু চোখাচোখি। এরপর আস্তে আস্তে ডেভিডের মনজুরে শুধুই বিজয়লক্ষ্মীর ভাবনা।‘দুই বছর আমরা শুধু বন্ধু ছিলাম। আমি প্রতি রাতে তাকে গাড়িতে করে বাসায় পৌঁছে দিতাম। ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়ি। কিন্তু তাকে বলার কোনো সাহস ছিল না। কারণ সে ওই কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে উচ্চবেতনে চাকরি করত। আর আমি একজন সামান্য গাড়িচালক।’ ডেভিড এভাবেই অনুভূতি প্রকাশ করেন।মজার ব্যাপার হলো বিজয়লক্ষ্মীও ডেভিডের প্রতি একই ধরনের আকর্ষণ বোধ করতেন। কিন্তু তিনিও তা এত দিন প্রকাশ করেননি। হঠাত্ এক রাতে ডেভিড তাঁকে বাসায় পোঁছে দেওয়ার সময় বিজয়লক্ষ্মী তাঁর ভালোলাগার কথা প্রকাশ করেন। তাতে সায় দেন ডেভিড। এরপর প্রায় এক বছর তাঁরা চুটিয়ে প্রেম করেন।‘আমি গাড়িতে করে তাঁকে নিয়ে যেতাম। সে একজন সাধারণ যাত্রীর মতো দূরের আসনে বসত। আমরা কখনো একে অপরের হাত ধরিনি।’ বলেন ডেভিড। ২০০৪ সালে এসে তাঁরা তাঁদের পরিবারকে জানানোর সিদ্ধান্ত নেন। কিন্তু বাধ সাধে বিজয়লক্ষ্মীর পরিবার। আসে তীব্র বিরোধিতা। উপায় না দেখে ২০০৫ সালের জুন মাসে তাঁরা মুম্বাইয়ে পালিয়ে যান।ডেভিড বলেন, ‘২০০৫ সালের ৮ জুন আমরা মুম্বাইয়ের এক আদালতে গিয়ে বিয়ের নিবন্ধন করি।’ এর মধ্যে বিজয়লক্ষ্মীর পরিবার অপহরণের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মামলা করে। পুলিশ ডেভিডকে না পেয়ে আটক করে তাঁর ভাইকে।ডেভিড বলেন, বিজয়লক্ষ্মী তাঁর নিজের ইচ্ছায় আমার সঙ্গে এসেছে উল্লেখ করে বিষয়টি থানা পুলিশকে জানান। এরপর পুলিশ হেফাজত থেকে মুক্তি পান ডেভিডের ভাই। এরপর আবারও বিজয়লক্ষ্মীর বাবা পুলিশ নিয়ে মুম্বাইয়ে তাঁদের খুঁজতে আসেন। কিন্তু বিজয়লক্ষ্মী তাঁদের সঙ্গে ফিরে যেতে অস্বীকৃতি জানান। পুলিশও তখন তাঁদের পক্ষ নেয় এবং বিজয়লক্ষ্মীর বাবাকে ফিরে যাওয়ার পরামর্শ দেয়।ডেভিড-বিজয়লক্ষ্মী দম্পতি এখন তাঁদের চার বছর বয়সী এক ছেলেসন্তান নিয়ে মুম্বাইয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন। আর বিজয়লক্ষ্মী তাঁর কর্মস্থল বদল করে মুম্বাইয়ে চাকরি করছেন।