পুরো নাম: ডেভিড ভিয়া সানচেজডাক নাম: এল গুয়াজেজন্ম: ৩ ডিসেম্বর, ১৯৮১, তুইলা, স্পেনউচ্চতা: ৫ ফুট ৯ ইঞ্চিপরিবার: স্ত্রী প্যাট্রিসিয়া, দুই মেয়ে জাইদা (৪) ও ওলাইয়া (৪ মাস)প্রিয় ও অন্যান্যঅন্য খেলা: বেসবল ও স্কিয়িং মাঠের মুহূর্ত: ইউরো ’০৮-এ সুইডেনের বিপক্ষে গোল, ২০০৬ সালে অ্যাথলেটিকসে বিলবাওয়ের বিপক্ষে ৫ মিনিটে হ্যাটট্রিক, ইউরো ’০৮-এর রাশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক।ভুলে যেতে চান: গত বিশ্বকাপ থেকে বিদায়।শৈশব নায়ক: এনরিক কুইনি খনির চাকুরে হোসে ম্যানুয়েলের মনটা ভীষণ খারাপ। এক দুর্ঘটনায় চিড় ধরেছে তাঁর চার বছর বয়সী ছেলের ডান পায়ে। চিকিত্সক বলেছে অস্ত্রোপচার করানো প্রয়োজন, আবার অস্ত্রোপচার করালে চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। অথচ ছেলেকে ফুটবলার বানাবেন বলেই হাঁটতে শেখার পর থেকেই ছেলের সঙ্গে ফুটবলের সখ্য গড়ে দিয়েছেন। অনেক ভেবেচিন্তে ম্যানুয়েল দুটি সিদ্ধান্ত নিলেন, ছেলের পায়ে অস্ত্রোপচার করাবেন না, আর ছেলেকে ফুটবলার বানিয়েই ছাড়বেন। ডান পায়ে প্লাস্টার বাঁধা ডেভিড ভিয়াকে নিয়ে বাবা ম্যানুয়েল হাজির মাঠে, ছেলেকে দিয়ে বাঁ পায়ে কিক প্র্যাকটিস করালেন। দিনের পর দিন এটা চলতেই থাকল। আর ‘বিশ্বাসে মিলায় বস্তু’... এই কথাকে সত্য প্রমাণিত করতেই যেন ভিয়ার পাও আস্তে আস্তে পুরোপুরি ঠিক হয়ে গেল। প্রকৃতিগতভাবেই ডান পায়ের খেলোয়াড় ভিয়া আজ যে দুই পায়েই সমান শক্তিশালী, তার মূল কারণ সেই পা ভেঙে যাওয়া।ভিয়ার ফুটবলার হওয়ার সামনে একটি বড়সড় ধাক্কা লেগেছিল আরেকবার। ১৪ বছর বয়সে। কোচের অধীনে বাধাধরা সুশৃঙ্খল জীবনে পেশাদার ফুটবলার হওয়ার প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছিলেন। কোচের সঙ্গে বিবাদেও জড়িয়ে পড়েছিলেন। বন্ধুদের সঙ্গে মজা করে ফুটবল খেলতেই তাঁর বেশি ভালো লাগত। এবারও এগিয়ে এলেন বাবা। অনেক বুঝিয়ে আবার ফেরালেন ভিয়ার মন।ভিয়ার জন্ম উত্তর স্পেনের আস্তুরিয়াস প্রভিন্সের তুইলা গ্রামে। স্থানীয় ইউপিলাঙ্গয়েও দলে প্রথম খেলা শুরু। ১৭ বছর বয়সে যোগ দেন মারিও ফুটবল স্কুলে। আস্তুরিয়াস ক্লাব তাঁকে দলে নিতে আগ্রহী ছিল। শেষ পর্যন্ত দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্টিং গিজনের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক ২০০০ সালে। দুই মৌসুম পর রিয়েল জারাগোজার হয়ে লা লিগায় অভিষেক, আর বর্তমান ক্লাব ভ্যালেন্সিয়ায় এসেছেন ২০০৫-এ। ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দিয়েছেন, সমানে স্পেন জাতীয় দলেও। রাউলের উত্তরসূরি হিসেবে দলে এসে রাউলের ৭ নম্বর জার্সিটাই কেড়ে নিয়েছেন। স্পেনের হয়ে এক বছরে এবং টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ড এখন তাঁর। এগিয়ে আছেন সব মিলিয়ে স্পেনের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দিকেও। ফার্নান্দো তোরেসের সঙ্গে মিলে গড়েছেন বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকিং জুটি।ছোটবেলা থেকেই বাবার খুব কাছে ভিয়া। শৈশব-কৈশোরে ভিয়ার প্রতিটি ট্রেনিং সেশনেই বাবা উপস্থিত থাকতেন। এখনো প্রতিদিন কথা হয় বাবার সঙ্গে। ২০০৩ সালে বিয়ে করেছেন শৈশবের প্রেমিকা প্যাট্রিসিয়াকে। প্যাট্রিসিয়া নিজেও ছিলেন ফুটবলার, তবে ১৮ বছর পর্যন্ত খেলে ছেড়ে দিয়েছেন ফুটবল। নাড়ির প্রতি ভিয়ার ভীষণ টান। নিজেকে আস্তুরিয়ান পরিচয় দিতে গর্বিত বোধ করেন। আস্তুরিয়াসের যেকোনো কাজে সবার আগে এগিয়ে যান। তার বুকের এক পাশে স্পেনের, আরেক পাশে আস্তুরিয়াসের পতাকা। এখনো ভীষণ অনুভব করেন প্রথম পেশাদার ক্লাব স্পোর্টিং গিজনকে। গিজন ছাড়ার ৫ বছর ১০ মাস পর প্রথম গিজনের বিপক্ষে মাঠে নেমেছিলেন। তাঁর গোলেই ভ্যালেন্সিয়া গিজনকে হারানোর পর কেঁদে ফেলেছিলেন। আস্তুরিয়াস ভাষাকে স্পেনের সরকারি ভাষাগুলোর একটি করতে নিয়মিত প্রচারণা চালিয়েছেন। ২০০৮ ইউরো জিতে একটা স্বপ্ন পূরণ করেছেন। তবে ইনজুরির জন্য ফাইনাল খেলতে না পারায় একটা আফসোস রয়ে গেছে ভিয়ার। এবারের বিশ্বকাপ জিতে আরেকটি স্বপ্ন পূরণের পাশাপাশি ওই আফসোসটাও ঘোচাতে চান। আরিফ রনি