জন ডেভিসনের ওই চেহারাটা এখনো স্পষ্ট চোখে ভাসে। প্রেমাদাসায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন কানাডা অধিনায়ক আশিস বাগাই নয়, রীতি বদলে সংবাদ সম্মেলনে এলেন অঘোষিত সহ-অধিনায়ক ডেভিসন। মনোবল ভেঙে যাওয়ার ছাপ যেমন চেহারায়, তেমনই প্রতিটি কথাতেই। আর তা সরাসরিই উঠে এল নিজের ফর্মের প্রসঙ্গ উঠতেই। আগের দুই ম্যাচের একটিতেও রানের দেখা পাননি, ডেভিসন বললেন, ‘বয়স হয়ে গেছে ৪০, রিফ্লেক্স কমে গেছে। হয়তো নিজের সামর্থ্য নিয়ে নিজের মধ্যেই একটা দ্বিধা তৈরি হয়েছে...’সরল স্বীকারোক্তি। নিজেকে নিয়ে ডেভিসনের ধারণা সত্যি হয়েছে পরের ম্যাচগুলোতেও। অপরাজিত ৪, ১৫ আর ক্যারিয়ারের শেষ ম্যাচে ১২। অস্ট্রেলিয়ার বিখ্যাত একাডেমি ‘সেন্টার অব এক্সিলেন্সে’ কোচের চাকরি নিয়েছেন, শুধু এই বিশ্বকাপটা খেলার জন্যই দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন। বিশ্বকাপে কানাডার শেষ ম্যাচটির আগে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, এবার বিদায়। ৩১ ওয়ানডের ক্যারিয়ারে বলার মতো তেমন কিছু করেননি, শুধু ওই একটি ইনিংস ছাড়া। যে ইনিংসটি ওয়ানডে ইতিহাসে জায়গা করে দিয়েছে তাঁকে।ওয়ানডে ইতিহাস শুনে খটকা লাগছে তো? বিশ্বকাপে একসময় দ্রুততম সেঞ্চুরি ছিল তাঁর, যেটা এখন চলে গেছে ৩ নম্বরে। বড়জোর বিশ্বকাপ ইতিহাসের কথা বলা যায়! ক্যারিয়ার শেষে ওই ইনিংসটা তাঁকে জায়গা দিচ্ছে ওয়ানডে ইতিহাসের একটা পাতায়। ডেভিসন গর্ব করবেন, না দুঃখ পাবেন, এটা তাঁর ব্যাপার। তবে তিনি সেই সৌভাগ্যবান বা দুর্ভাগা ১৩ জনের একজন, যাঁদের একমাত্র ওয়ানডে সেঞ্চুরি বিশ্বকাপে!মোটে একটা সেঞ্চুরি, কষ্টটাই বেশি হওয়ার কথা। তবে সঙ্গীদের কয়েকজনের নাম বা কয়েকটি ইনিংস দেখলে কষ্টটা খানিকটা হালকা হতেও পারে। কপিল দেব, সুনীল গাভাস্কার, ইমরান খান, ক্লাইভ লয়েড...। কপিল আর লয়েড নিজেরাও যেমন বিখ্যাত নাম, তেমনই অমর হয়ে আছে তাঁদের ইনিংস দুটিও। কপিলের সেঞ্চুরি বা লয়েডের সেঞ্চুরি বলতেই বুঝে ফেলে ক্রিকেট ইতিহাসের সামান্যতম খোঁজখবর রাখা ব্যক্তিটিও। ১৯৮৩ বিশ্বকাপে টানব্রিজ ওয়েলসে জিম্বাবুয়ের বিপক্ষে কপিল উইকেটে গিয়েছিলেন ১৭ রানে ৫ উইকেট পড়ার পর। ৭৭ রানে ৭ আর অষ্টম উইকেট পড়েছিল ১৪০ রানে। এরপর আর কোনো উইকেট পড়েনি, ৬০ ওভার শেষে কপিল যখন বেরিয়ে আসছেন, নামের পাশে ১৭৫! ১৩৮ বল, ১৬ চার ও ৬ ছয়টি, ১২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে সৈয়দ কিরমানির অবদান মাত্র ২৪।তুলনায় অনেক ভালো অবস্থায় নেমেছিলেন লয়েড, ৫০/৩। তাঁর ইনিংসটা আকারেও ছোট অনেক, ১০২। তবে উপলক্ষ, প্রতিপক্ষের বোলিং আর চাপ—সব বিবেচনায় প্রথম বিশ্বকাপের ফাইনালে লয়েডের ৮৫ বলের ইনিংসটা জায়গা পেয়েছে ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকায়। মানের দিক থেকে দুই ইনিংসের কাছাকাছি নয়, তবে বিখ্যাত গাভাস্কারের ইনিংসটাও। টেস্টে সেই সময়ের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছিল যে প্রায় সেঞ্চুরি ছাড়াই! অবশেষে সেঞ্চুরি পেলেন ক্যারিয়ারের শেষ ম্যাচের আগের ম্যাচে, ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নাগপুরে। বিরক্তি আর হতাশা থেকেই হয়তো সেদিন নিজের স্বভাববিরুদ্ধ তেড়েফুঁড়ে খেললেন, ৮৮ বলে অপরাজিত ১০৩। ইমরানের একমাত্র ওয়ানডে সেঞ্চুরি ১৯৮৩ বিশ্বকাপে, শ্রীলঙ্কার বিপক্ষে হেডিংলিতে।এঁদের মতো বিখ্যাত না হলেও মোটামুটি পরিচিত তালিকার বাকি আটজনের ছয়জন। অস্ট্রেলিয়ার ‘ছোট চ্যাপেল’ ট্রেভর, কিথ ফ্লেচার, অ্যালান টার্নার ও ব্র্যাড হজ, নিউজিল্যান্ডের ক্রিস হ্যারিস ও জিম্বাবুয়ের ডেভ হটন। ট্রেভর ও টার্নারের আবার ওয়ানডেতে আর কোনো ফিফটিও নেই। বাকি থাকল দুজন, দুজনই হল্যান্ডের। চেনার খুব বেশি কোনো কারণ তাই নেই, তবে সবচেয়ে কৌতূহলোদ্দীপক কিন্তু এই দুজনই। ফেইকো ক্লোপেনবার্গ ও ক্লাস ইয়ান ফন নুর্টউইক। দুজন সেঞ্চুরি করেছিলেন একই ম্যাচে, ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে। দুজনেরই সেটা ছিল ক্যারিয়ারের শেষ ম্যাচ!