ডেভেলপারদের আইন মানতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ডেভেলপারদের অবশ্যই আইন মানতে হবে। ঘটনা ঘটার পর বলা যাবে না আইন জানতেন না।গতকাল শুক্রবার রাজধানীতে মুক্ত আকাশ পত্রিকা আয়োজিত ‘ঢাকায় ঝুঁকিপূর্ণ ইমারত ও অগ্নিকাণ্ড’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স মিলনায়তনে এ গোলটেবিল অনুষ্ঠিত হয়। শফিক আহমেদ এ সময় বলেন, ঢাকার সমস্যার সমাধান সম্ভব। তবে এ জন্য জাতীয় স্বার্থকে ব্যক্তিস্বার্থের চেয়ে ঊর্ধ্বে রাখতে হবে।ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত পুরান ঢাকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুরান ঢাকা একেবারে ভেঙে ফেলা সম্ভব নয়। এ জন্য অনেক অর্থ এবং অসংখ্য মানুষের পুনর্বাসন করতে হবে। এটি অত্যন্ত কঠিন কাজ। অগ্নিকাণ্ড যাতে না ঘটে, সেই ব্যবস্থা করতে হবে। রাজউককে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন আইনমন্ত্রী। তিনি বলেন, ঢাকায় অনেক জমি ও ভবন এখন ঝুঁকিপূর্ণ। রাজউককে এটি চিহ্নিত করতে হবে। রাজউককেই বলতে হবে ওসব সরিয়ে ফেলতে। এ জন্য শক্ত আইনও আছে। মন্ত্রী মন্তব্য করেন, আইন প্রয়োগ না করলে আইন করে কোনো লাভ নেই। শফিক আহমেদ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্মাণকাজ বাড়ায় প্রয়োজনে জনবল বাড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, সরকার এই জনবল দেবে।ইমারত ও ভূমি নিয়ে অনেক মামলা থাকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সেগুলোর দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা কঠিন কাজ নয়। বিষয়টি নির্ভর করছে সংশ্লিষ্টদের উদ্যোগের ওপর।আলোচনায় আবাসনশিল্প মালিকদের সংগঠন রিহ্যাবের দুই সদস্য রাজউকের তীব্র সমালোচনা এবং ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) বিশেষজ্ঞ কমিটির কয়েকজন সদস্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। আবাসন উদ্যোক্তাদের একজন রাজউকের দুর্নীতি নিয়েও বক্তব্য দেন। রিহ্যাব সদস্যের সমালোচনার জবাবে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, ‘ঘুষ যিনি দেন এবং ঘুষ যিনি নেন দুজনই অন্যায় করছেন। আমি বলছি আপনারা এক টাকাও ঘুষ দেবেন না। ঘুষ না দিয়ে আইন অনুযায়ী একটি সঠিক প্ল্যান নিয়ে আসুন। যদি দুই মাসের মধ্যে তা অনুমোদন না হয়, এরপর বলবেন।’রাজউকের চেয়ারম্যান ড্যাপ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, নানা প্রতিবন্ধকতার কারণে ড্যাপ বাস্তবায়িত হচ্ছে না। এর প্রধান কারণ ব্যক্তিস্বার্থ। সব কিছুর ওপরে জাতীয় স্বার্থ, জনস্বার্থ ও দেশের স্বার্থকে স্থান দিতে হবে।রিহ্যাবের সাবেক সভাপতি মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এম এমদাদুল হক। আলোচনায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি নগর বিশেষজ্ঞ নজরুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশ সোসাইটি ফর টোটাল ম্যানেজমেন্টের সভাপতি মো. আবদুল আউয়াল, ড্যাপ পর্যালোচনা কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলামসহ শিক্ষাবিদ, পরিকল্পনাবিদ, প্রকৌশলী, স্থপতি এবং আবাসন উদ্যোক্তারা বক্তব্য দেন।হুমকিদাতাদের তীব্র সমালোচনাএদিকে বিভিন্ন পরিবেশ, নাগরিক অধিকার ও মুক্তিযোদ্ধা সংগঠন ড্যাপ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বৈঠকে প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও বিশিষ্ট ব্যক্তিদের হুমকি দেওয়ার তীব্র নিন্দা করেছে। ঘটনার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও গ্রিন ভয়েস গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক নাগরিক সমাবেশে হুমকিদানকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানায়। বৈঠকের প্রসঙ্গ টেনে সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেন, ‘আমি যদি মন্ত্রী থাকতাম তবে ওই দিনই আমি শাহ আলমকে আইনের হাতে সোপর্দ করতাম।’অন্যান্যের মধ্যে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদও এ সময় বক্তব্য দেন।অবিলম্বে দখলকৃত সব জলাশয় উদ্ধার ও সংরক্ষণ এবং চিহ্নিত ভূমিদস্যুদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সিটিজেনস রাইটস মুভমেন্ট। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভূমিদস্যুদের সমালোচনা করে সব অবৈধ দখলদার ও চিহ্নিত ভূমিদস্যুদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিপর্যয় থেকে দেশবাসীকে রক্ষার আবেদন জানান।মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, সিটিজেনস রাইটস মুভমেন্টের যুগ্ম মহাসচিব এনায়েতুর রহিম, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, বিশিষ্ট পানিবিজ্ঞানী ও গবেষক মুহাম্মদ এনামুল হক, নারীনেত্রী ফারহানা আক্তার প্রমুখ।এ ছাড়া জনস্বার্থে অবিলম্বে ড্যাপ বাস্তবায়ন ও সরকারকে হুমকি দেওয়া ‘বিতর্কিত ব্যক্তি ও ভূমিদস্যুদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স কনফেডারেশন ও পরিবেশ সংগঠন গ্রিন বেল্ট।