ডেমরা ভূমি অফিসে দুই দিনে ৭৪০ নামজারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ডেমরা ভূমি অফিস দুই দিনে জমিসংক্রান্ত ৭৪০টি মামলা নিষ্পত্তি (নামজারি) করেছে। মামলার ক্রমিক ভেঙে, একই দিনে মামলা, তদন্তের আদেশ ও প্রতিবেদন দাখিল করে, খতিয়ান জালিয়াতির মাধ্যমে এ কাজটি করেছেন ডেমরার ভূমি অফিসের বদলি হওয়া সহকারী কমিশনার আবুল বশার। তিনি এখন খুলনার কয়রা উপজেলা নির্বাহী কর্মকতা।ভূমি মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, ডেমরা থেকে বদলি হওয়ার আগে দুই দিনে (চলতি বছরের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি) আবুল বশার ৭৪০টি নামজারির আবেদন নিষ্পত্তি করেন। প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশে এ কর্মকর্তার বিরুদ্ধে ভূমিসংক্রান্ত নথিপত্র নষ্ট করারও অভিযোগ আছে।গত রাতে যোগাযোগ করা হলে আবুল বশার প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। নতুন যে কর্মকর্তা সেখানে যোগ দিয়েছেন, তিনি অসৎ উদ্দেশ্য নিয়ে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। তাঁর দাবি, দুই দিনে তিনি এত নামজারি করেননি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই ভূমি কর্মকর্তাকে এ কাজে সহায়তা করেছেন ডেমরা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুল্লাহ, নামজারি সহকারী ওমর ফারুক মিয়া, সার্ভেয়ার শফিউল আলম ও কানুনগো আবু তাহের। ডেমরা ভূমি সার্কেলের নামজারি, জমাভাগসহ নানা অভিযোগ তদন্তের জন্য ভূমি মন্ত্রণালয়ের আদেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি গত বুধবার মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয়। তদন্ত কমিটি আবুল বশারসহ ডেমরা ভূমি অফিসের সংশ্লিষ্ট সব কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়, সহকারী কমিশনার (ভূমি) অসৎ উদ্দেশ্যে এতগুলো মামলা দুই দিনে নিষ্পত্তি করেছেন। এ মামলাগুলো পৃথকভাবে তদন্ত করে দেখার সুপারিশ করেছে কমিটি। কারণ একই দিনে তদন্তের আদেশ ও তদন্ত প্রতিবেদন দাখিল করায় নামজারির নির্ধারিত প্রক্রিয়া লঙ্ঘিত হয়েছে। এর জন্য সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা দায়ী। আর পুরো অনিয়মের জন্য কমিটি আবুল বশারকে দায়ী করেছে। এই দুই কর্মকর্তাসহ অন্যরা অসৎ উদ্দেশ্য নিয়ে এ কাজটি করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ডেমরা থেকে বদলি হওয়ার আগে দুই দিনে সহকারী কমিশনার (ভূমি) আবুল বশার অস্বাভাবিকভাবে নামজারি মামলা নিষ্পত্তি করেছেন। এ ধরনের একটি মামলা অতি জরুরিভাবে নিষ্পত্তি করতেও কমপক্ষে ১৫ দিন লাগে। সেখানে দুই দিনে সাড়ে ৭০০ মামলা নিষ্পত্তির পেছনে যে অসৎ উদ্দেশ্য ছিল, তা পরিষ্কার। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুই দিনে ৭৪০টি নামজারির মামলা নিষ্পত্তি করে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তার ‘অবৈধ আয়’ হয়েছে প্রায় তিন কোটি টাকা। ঊর্ধ্বতন সূত্র জানায়, দু-এক দিনের মধ্যে এ কর্মকর্তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হবে।প্রতিবেদনে নামজারির অনিয়মের প্রমাণ হিসেবে বলা হয়, ১১ ফেব্রুয়ারি এক ব্যক্তি নামজারির জন্য মামলা করেন। ওই দিনই সহকারী কমিশনার (ভূমি) নামজারির বিষয়ে প্রতিবেদন দিতে ভূমি সহকারী কর্মকর্তা হাবিবুল্লাহকে নির্দেশ দেন। সহকারী কর্মকর্তা সরেজমিন তদন্ত না করে ওই দিনই ইচ্ছামাফিক প্রতিবেদন জমা দেন। একই দিনে মামলা দায়ের, তদন্তের আদেশ এবং তদন্ত প্রতিবেদন জমা হওয়া কীভাবে সম্ভব হলো—মন্ত্রণালয় শুরুতে তা জানতে চাইলেও ডেমরা ভূমি অফিস তা জানায়নি। মামলা নিষ্পত্তির জন্য বিবাদীদের নোটিশ করাসহ অন্যান্য কার্যক্রম যথাযথভাবে পালন করা হয়নি। নামজারি মামলা হওয়ার এক থেকে সাত দিনের মধ্যে নিষ্পন্ন হয়েছে এমন মামলার সংখ্যা ১৫৪টি।