ডেমরায় গণপিটুনিতে ডাকাত নিহত
রাজধানীর ডেমরা থানার ডগাইর এলাকার নূরবাগে গতকাল শনিবার গভীর রাতে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, নিহত যুবক ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়।ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, গতকাল দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত গ্রিল কেটে নূরবাগের একটি বাড়ির ভাড়াটে স্বপ্না বেগমের ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করে। গ্রিল কাটার শব্দে ওই ফ্ল্যাটের লোকজন চিত্কার শুরু করলে আশপাশের লোকজন ও নিরাপত্তাকর্মীরা এসে ডাকাতদের ঘিরে ফেলে। তারা ডাকাত দলের সদস্য ওই অজ্ঞাত যুবককে ধরে ফেললেও অন্যরা পালিয়ে যায়। জনতা ওই যুবককে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ডেমরা থানায় মামলা হয়েছে।স্থানীয় লোকজন জানায়, ঈদের পর থেকে ডগাইর এলাকায় এ পর্যন্ত সাতটি ডাকাতি হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় ডাকাতদের হাতে একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।