ডেমরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, মা-বাবা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা থানার ব্রিজ-সংলগ্ন স্টাফ কোয়ার্টারের সামনে আজ শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় রাফি নামে এক বছর বয়সী একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় রাফির মা আসমা বেগম, বাবা মো. মিলনসহ তিনজন আহত হয়েছেন।মা আসমা বেগম প্রথম আলোকে জানান, স্বামী ও ছেলে রাফিকে নিয়ে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পাড়াগাঁও এলাকায় থাকেন। আজ সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি রাফি ও স্বামীর সঙ্গে শরীয়তপুরে রাফির নানাবাড়ি যাওয়ার উদ্দেশে যাত্রাবাড়ী যাচ্ছিলেন। সিএনজিটি চালাচ্ছিলেন রাফির ফুফা মকবুল। দুপুর ১২টার দিকে স্টাফ কোয়ার্টারের সামনে কসবা থেকে ঢাকার সায়েদাবাদগামী যমুনা পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে তিনি, রাফি, রাফির বাবা ও ফুফা আহত হন। বেলা সোয়া একটার দিকে রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আধঘণ্টা পর সে মারা যায়।ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোক্তাকিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুটির বাবা ও ফুফাকে ডেমরার সারুলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটিকে পুলিশ আটক করেছে।