ডেমরার দুটি ভবনই ভেঙে ফেলবে রাজউক
রাজধানীর অদূরে ডেমরায় গতকাল রোববার রাতে তিনতলা একটি ভবন পাশের পাঁচতলা ভবনের দিকে হেলে পড়েছে। স্থানীয় প্রশাসন উভয় ভবনের বাসিন্দাদেরই সরিয়ে নিয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।এ ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদা প্রথম আলো ডটকমকে জানান, তিনতলা ও পাঁচতলা দুটি ভবনই অনুমোদনহীন। ভবন দুটি ভেঙে ফেলা হবে বলে তিনি জানান। এ ব্যাপারে মামলা করা হবে বলেও জানায় রাজউক। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, ডেমরার সারুলিয়া পূর্ব হাজিনগরে তিনতলা ভবনটি গতকাল রাত ১০টার দিকে পাশের ভবনের দিকে হেলে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। দুই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ভবন দুটির গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ কর্মকর্তা রফিক প্রথম আলো ডটকমকে জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।