২৪ এপ্রিল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পথে চালু হচ্ছে আধুনিক কমিউটার ট্রেন ‘ডেমু’। এর জন্য চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে গতকাল শুক্রবার ওই পথে ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো হয়। কর্মকর্তারা বলেছেন, নিয়মিত চালালে কী কী সমস্যা হতে পারে, যাত্রীবিহীন পরীক্ষামূলক এই যাত্রায় সে ব্যাপারে ধারণা পাওয়া গেছে। কয়েকটি স্টেশনে রেলওয়ের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ট্রেনের দরজা প্ল্যাটফর্মের তুলনায় অতিরিক্ত উঁচু। তাঁদের আশঙ্কা, এ কারণে বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের ট্রেনে উঠতে সমস্যা হবে। হাতল দরজার ভেতরে থাকা ও জানালা তুলনামূলকভাবে ছোট হওয়াও সমস্যা করতে পারে বলে মত দিয়েছেন কর্মকর্তা ও উপস্থিত অনেক সাধারণ মানুষ।২৪ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ পথে এই ট্রেনের চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেমু (DEMU) হচ্ছে ‘ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট’-এর সংক্ষিপ্ত নাম। দুই দিকে দুটি ইঞ্জিন আর মাঝখানে একটি বগি নিয়ে ডেমুর একটি সেট। বগির পাশাপাশি ইঞ্জিনের কিছু অংশেও যাত্রী বহনের ব্যবস্থা আছে। ডেমুর সীমিত যাত্রী ধারণক্ষমতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ ছিল। কর্মকর্তারা অবকাঠামোগত কিছু সমস্যার কথাও বলেছিলেন। গতকাল সরেজমিন পরিদর্শন এবং রেলের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ধারণা হয়, সবচেয়ে বড় সমস্যা হবে ট্রেনে ওঠা নিয়ে। দেশে প্রচলিত ট্রেনের চেয়ে এই ট্রেনের বগির উচ্চতা অন্তত আট ইঞ্চি বেশি। ঢাকা-নারায়ণগঞ্জ পথে কমলাপুর, গেন্ডারিয়া, পাগলা, ফতুল্লা, চাষাঢ়া ও নারায়ণগঞ্জ—এই ছয়টি স্টেশন রয়েছে। সব কটি স্টেশনেই ডেমু থামিয়ে রেলের কর্মকর্তারা প্ল্যাটফর্ম থেকে দরজার উচ্চতা মেপে দেখেছেন। দেখা গেছে, প্ল্যাটফর্মের সঙ্গে দরজার ব্যবধান আড়াই থেকে তিন ফুট। রেলের কয়েকজন কর্মকর্তা ও স্টেশনে উপস্থিত সাধারণ মানুষ বলেছেন, বিশেষ করে নারী, শিশু ও বেশি বয়সীদের পক্ষে এত উঁচু ট্রেনে উঠতে সমস্যা হবে। ট্রেনে ওঠার পাদানিও কিছুটা ভেতরের দিকে। এ কারণে নামার সময় তা ভালো করে দেখা যায় না। এ ছাড়া হাতল দরজার ভেতরের অংশে হওয়ায় যাত্রীদের ওঠা-নামা করায় সমস্যা হতে পারে। জানালাগুলো তুলনামূলকভাবে ছোট। তা-ও আবার এর দুই-তৃতীয়াংশই কাচে আবৃত থাকে। তবে পাখার ব্যবস্থা আছে। স্বল্প দূরত্বে চলাচল করবে বলে এতে কোনো টয়লেট নেই। অতিরিক্ত যাত্রী উঠলে ডেমু অচল হয়ে যেতে পারে—এমন আশঙ্কাও রয়েছে।গতকাল ডেমুতে চড়ে ঢাকা-নারায়ণগঞ্জ পথে আসা-যাওয়া করেন রেলের মহাপরিচালক আবু তাহের, অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেন, খলিলুর রহমান, মহাব্যবস্থাপক সাগর কৃষ্ণ চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতে সময় লেগেছে ৪৫ মিনিট। প্রচলিত সাধারণ কমিউটার ট্রেনগুলোও এই পথে চলাচল করে ৫০ থেকে ৫৫ মিনিটে। রেলের কর্মকর্তারা জানান, ডেমুর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।জানতে চাইলে রেলের মহাপরিচালক আবু তাহের বলেন, পরীক্ষামূলকভাবে চালিয়ে তাঁরা সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন। প্ল্যাটফর্ম উঁচু করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নিয়মিতভাবে চালু হলে যেসব সমস্যা দেখা যাবে, সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।