ডেসটিনি কর ফাঁকি দেয়নি দাবি রফিকুলের
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ডেসটিনি-২০০০-এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন বলেছেন, ১০০ কোটি টাকার কর ফাঁকি এবং প্রতিষ্ঠানের হিসাব থেকে ব্যক্তিগত হিসাবে ১০০ কোটি টাকা সরানোর অভিযোগ গণমাধ্যমের তৈরি। তিনি দাবি করেন, কোনো ধরনের ট্যাক্স তাঁরা ফাঁকি দেননি।আজ বুধবার বেলা একটা ২০ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে ডেসটিনির ট্রি প্লানটেশন প্রকল্পের কাগজপত্র জমা দিতে আসেন তিনি। এরপর বেলা তিনটার দিকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।রফিকুল আমীন বলেন, ‘১১ বছরের প্রতিষ্ঠানের কাগজপত্র ১১ দিনে দেওয়া সম্ভব নয়। তার পরও আমরা ৯০ শতাংশ কাগজপত্র জমা দিয়েছি।’ডেসটিনির চেয়ারম্যান আরও বলেন, কোথায় কোথায় ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে—তা জানাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।বিভিন্ন অভিযোগকারীর প্রসঙ্গে রফিকুল আমীন বলেন, ‘অভিযোগকারীরা তো আমাদের কাছে আসে না। এঁরা তো সব অদৃশ্য।’ অভিযোগকারীদের সম্পর্ক তাহলে শুধু গণমাধ্যমের সঙ্গে কি না—এ নিয়েও প্রশ্ন করেন তিনি।গতকাল মঙ্গলবার দুদকের জিজ্ঞাসাবাদের চিঠির জবাবে দুদক কার্যালয়ে হাজিরা দিয়েছিলেন রফিকুল আমীন।দুদক সূত্র জানায়, ডেসটিনি ও এর সহযোগী প্রতিষ্ঠান থেকে রফিকুল আমীন, হারুন-উর-রশিদসহ ১২ পরিচালকের ব্যাংক হিসাবে প্রায় ১০০ কোটি টাকা স্থানান্তরের অভিযোগ রয়েছে। দুদক মনে করছে, এটি মানি লন্ডারিং অপরাধ। এ কারণেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আজ পরিচালক সাজ্জাদ হোসেন, মেজবাহ উদ্দিন ও ইরফান আহমেদ ১১টা ২০ মিনিটের দিকে দুদক কার্যালয়ে হাজির হন। জিজ্ঞাসাবাদ শেষে বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা বেরিয়ে যান।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সেলের পরিচালক স্কোয়াড্রন লিডার মো. তাহিদুল ইসলামের বিশেষ তত্ত্বাবধানে উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিক ডেসটিনির অর্থ পাচারসহ প্রতারণার বিষয়ে তদন্ত করছেন।প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডেসটিনি ২০০০ লিমিটেডের এমএলএম (বহুস্তর বিপণন) পদ্ধতিতে গ্রাহকদের কাছ থেকে ২০০০ সাল থেকে এ পর্যন্ত ৬৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিন হাজার ৫৯৫ কোটি ৬৬ লাখ টাকা সংগ্রহ করেছে এবং বিভিন্নভাবে তিন হাজার ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকা তুলে নিয়েছে। ট্রি প্লানটেশনের নামে ১৩৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৯২১ কোটি তিন লাখ টাকা সংগ্রহ করে এবং বিভিন্নভাবে ৯০০ কোটি টাকা নিজেরাই তুলে নিয়েছে। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণের কাছ থেকে ৮৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে এক হাজার ৪৪৫ কোটি ১৩ লাখ টাকা সংগ্রহ করে বিভিন্ন উপায়ে এক হাজার ৪১৯ কোটি ৫৭ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। এভাবে মোট পাঁচ হাজার ৯৬১ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করে তার মধ্যে থেকে প্রায় পাঁচ হাজার ৮৯৯ কোটি টাকা সরিয়ে নিয়েছেন ডেসটিনি গ্রুপের পরিচালকেরা।