ডেসটিনি কর্মীদের কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ডেসটিনির কর্মীদের গতকাল মঙ্গলবারের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। সকালে কয়েক হাজার কর্মী মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে গেলে পুলিশ বাধা দেয়। কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়ার পর পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।ঘটনাস্থল ও আশপাশ থেকে পুলিশ ডেসটিনির প্রায় দেড় শ কর্মীকে আটক করে। তবে সন্ধ্যার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ডেসটিনির কর্মীদের অভিযোগ, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। তবে পুলিশ বলছে, অনুমতি না নিয়ে হাজার হাজার গ্রাহক সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা করছিলেন। সরে যেতে বললে তাঁরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে মারেন। পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ হওয়ার পর কর্মীরা রমনা পার্কের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁদের অনেকে কর্তব্যরত সাংবাদিকদের ওপর চড়াও হন। ডেসটিনি নিয়ে প্রতিবেদন করায় বেশ কয়েকজন কর্মী গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন। বেশ কয়েক মাস ধরে ডেসটিনি কর্তৃপক্ষ সারা দেশ থেকে ঢাকায় লোক এনে ‘শক্তির মহড়া’ হিসেবে বিক্ষোভের পরিকল্পনা করছিল বলে জানা গেছে। সম্প্রতি কর্মীদের গতকাল মঙ্গলবার ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বাইরের অনেক কর্মী সোমবার রাতের মধ্যেই রাজধানীতে পৌঁছে যান। গতকাল ভোরে কাকরাইল মোড়, প্রেসক্লাব, পল্টন মোড়, মৌচাক, ফকিরেরপুল, তোপখানা রোড ও গুলিস্তান এলাকায় জড়ো হতে থাকেন তাঁরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল ছয়টার দিকে কয়েক হাজার কর্মী ডেসটিনির বিজয়নগর ও পল্টনসহ আশপাশের কার্যালয়গুলোর সামনে জড়ো হন। সাতটার দিকে তাঁরা ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের জামিনসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দিতে প্রেসক্লাবের সামনে যান। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ছোটাছুটি করে কর্মীরা রমনা পার্কে আশ্রয় নেন। পুলিশ পার্কের প্রধান ফটকগুলোতে অবস্থান নেয়।কর্মীরা বলেছেন, প্রেসক্লাবে আসার আগে অন্য কার্যালয়গুলোর সামনেও তাঁদের ওপর পুলিশ লাঠিপেটা করে।দুপুর ১২টার দিকে মৎস্য ভবনের বিপরীতের ফটক দিয়ে পুলিশের একটি সাঁজোয়া যান পার্কে ঢুকতে চাইলে গ্রাহকেরা বাধা দেন। তাঁরা ওই ফটক বন্ধ করে দিয়ে ভেতরে বিক্ষোভ করতে থাকেন। ডেসটিনি কর্মীদের সংগঠন ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের নেতা-কর্মীরা বলেছেন, দুপুর একটার দিকে তাঁদের পাঁচজন প্রতিনিধি গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেন। দুপুর দুইটার দিকে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।ফোরামের নেতা-কর্মীরা সাংবাদিকদের বলেন, তাঁরা অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে যাচ্ছিলেন। পুলিশ অতর্কিত তাঁদের ওপর লাঠিপেটা করেছে। তবে পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) নূরুল ইসলাম বলেন, ডেসটিনির গ্রাহকেরা অনুমতি না নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও বিশৃঙ্খলা করছিলেন। এতে বাধা দেওয়ায় তাঁরা পুলিশের ওপর চড়াও হন। পরে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। সংবাদ সম্মেলন: বিকেল তিনটার দিকে ডেসটিনির গ্রাহকেরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। কর্মীদের সংগঠন ফোরাম আয়োজিত এ সংবাদ সম্মেলনে গ্রাহকেরা ডেসটিনি গ্রুপের ব্যাংক হিসাব খুলে দেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার ও ৪৫ লাখ কর্মীর ভবিষ্যৎ নিশ্চিত করার দাবি জানান। ফোরামের নেতারা অভিযোগ করেন, বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করতে ও অগণিত ক্রেতা-পরিবেশক ও কর্মকর্তা-কর্মচারীকে সর্বস্বান্ত করতে ডেসটিনির বিরুদ্ধে ‘গভীর চক্রান্ত’ করা হয়েছে। একটি কুচক্রী মহল ও গণমাধ্যমের একটি অংশ তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ডেসটিনির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ফোরামের সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন। এতে বলা হয়, ‘ডেসটিনিতে এসে লাখ লাখ মানুষ তাঁদের বেকারত্ব ঘোচাতে সক্ষম হয়েছেন। তবে কেন বলা হচ্ছে, ডেসটিনি কর্তৃপক্ষ জনগণের কাছ থেকে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিয়েছে? আমরা এখানে বিনিয়োগ করেছি লাভের আশায়, লাভবান হয়েছি। তবে কিসের স্বার্থে এই কৃত্রিম অভিযোগ?’ তবে লিখিত বক্তব্য শেষ হওয়ার পর ফোরামের আহ্বায়ক এ কে এম শফিউল্লাহ বলেন, ‘আমরা বিনিয়োগকারী নই, বরং ডেসিটিনির পণ্য কিনে ক্রেতা পরিবেশক হয়েছি।’সংবাদ সম্মেলনে বিভাগীয় ও জেলা পর্যায়ে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়। দাবি মানা না হলে আমরণ অনশনের হুমকিও দেওয়া হয়। কার্যালয়ে তালা: গতকাল বিজয়নগরে ৩৮, ইনার সারকুলার রোডে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভের কার্যালয়ে তালা মারা ছিল। ভবনের নিচে ছিল প্রচুরসংখ্যক পুলিশ। ভবনের প্রধান ফটকে নিরাপত্তারক্ষী আলী আহসান বলেন, সকালে কয়েকজন কর্মকর্তা ও পরিবেশক এসেছিলেন। পরে তাঁরা সবাই মানববন্ধনে যোগ দিতে চলে যান। চারতলা ভবনটির নিচতলার অর্ধেক অংশ ছাড়া পুরোটাই ডেসটিনির বিভিন্ন কার্যালয়। তবে নিচতলায় এয়ার ডেসটিনির কার্যালয় খোলা ছিল।মালিবাগ মোড়ের হোসাফ টাওয়ারে ডেসটিনির একটি পরিবেশক কার্যালয়েও তালা মারা ছিল। এই ভবনটির সামনেও অনেক পুলিশ ছিল। এই কার্যালয়ের একজন অফিস সহকারী বলেন, কার্যালয় খোলা রয়েছে। সবাই মানববন্ধন করতে গেছে।