ডেসটিনি কো-অপারেটিভের সম্পদ বিক্রিতে নিষেধাজ্ঞা
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের যাবতীয় সম্পদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। সমিতির সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে ইতিমধ্যে দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে সমবায় অধিদপ্তর।ডেসটিনি মাল্টিপারপাস সোসাইটির অনিয়ম তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ১৬ অক্টোবর সমবায় অধিদপ্তরকে কয়েকটি নির্দেশনা দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। এর ভিত্তিতেই সম্পদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল অধিদপ্তর।যোগাযোগ করা হলে সমবায় অধিদপ্তরের নিবন্ধক মো. হুমায়ুন খালিদ প্রথম আলোকে বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নির্দেশনা অনুযায়ী সম্পদ বিক্রির নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেওয়া হয়েছে।এর আগে গত ৩০ আগস্ট ডেসটিনি মাল্টিপারপাস সোসাইটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সমিতির জমি ও সম্পদ বিক্রি কৌশলে অনুমোদন করা হয়েছিল। আইন অনুযায়ী, সমবায় অধিদপ্তরের নিবন্ধকের অনুমোদন ছাড়া কোনো সম্পত্তি বিক্রি করা যায় না। এ কারণেও সম্পদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে সূত্র জানায়।সমবায় অধিদপ্তরের তৈরি করা তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত সাত বছরে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এক হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৯৫২ টাকার আর্থিক অনিয়ম করেছে। অধিদপ্তরের নিবন্ধকের অনুমোদন না নিয়ে সমিতির সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ ডেসটিনি ২০০০ লিমিটেডের অন্য প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ, অনুমোদনহীনভাবে অলাভজনক প্রতিষ্ঠানে ঋণ বিতরণ ও সেসব প্রতিষ্ঠানের শেয়ার কেনা, সম্পদের মূল্য বেশি দেখানো, বাজেটবহির্ভূত এবং অনুমোদনহীন বিভিন্ন ব্যয়ের মাধ্যমে এসব অনিয়ম করা হয়।অধিদপ্তরের নিবন্ধক হুমায়ুন খালিদের সই করা চিঠিটি জেলা প্রশাসকদের কাছে গত মঙ্গলবার পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি যেন তার কোনো সম্পদ বিক্রি করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নির্দেশনা দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে ডেসটিনি মাল্টিপারপাসকে সম্পদ বিক্রি বা হস্তান্তর না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ডেসটিনি মাল্টিপারপাসের বিভিন্ন অনিয়মের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের তদন্ত চলছে। এ অবস্থায় ডেসটিনি মাল্টিপারপাস কর্তৃপক্ষ যেন সমিতির নামে করা কোনো জমি ও ভবনসহ জায়গা বিক্রি, হস্তান্তর কিংবা ইজারা দিতে না পারে, সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে জরুরিভিত্তিতে নির্দেশনা দেওয়া হলো। সমিতির সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।সম্পদ বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন পরিদপ্তরের ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন, সব জেলা নিবন্ধক, সব বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক এবং সব জেলা সমবায় কর্মকর্তার কাছেও একই ধরনের চিঠি দেওয়া হয়।ডেসটিনির অনিয়ম তদন্তে গঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি ৮ অক্টোবর দেওয়া প্রতিবেদনে ডেসটিনি গ্রুপের ৩৫ সহযোগী প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার সুপারিশ করে। প্রতিবেদনে বলা হয়, ডেসটিনির যাবতীয় সম্পদ সরকারের নিয়ন্ত্রণে আনতে পারলেই প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত দেওয়া সম্ভব হবে। ওই তদন্ত কমিটি ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির লাইসেন্স বাতিল করারও সুপারিশ করে।সম্পদ বিক্রির পাঁয়তারা: সূত্র জানায়, গত ৩০ আগস্ট ডেসটিনি মাল্টিপারপাস সোসাইটির এজিএম অনুষ্ঠিত হয়। এজিএমের কার্যবিবরণীর বিবিধ আলোচ্যসূচিতে সমিতির জমি ও সম্পদ বিক্রির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। ওই দিন আলোচ্যসূচি পাস করা হয়। অথচ আইন অনুযায়ী, সমবায় অধিদপ্তরের নিবন্ধকের অনুমোদন ছাড়া কোনো সমিতির কোনো সম্পত্তি বিক্রি করা যায় না।বিষয়টি জানতে পেরে ২২ অক্টোবর ডেসটিনি মাল্টিপারপাসকে কোনো ধরনের সম্পদ বিক্রি কিংবা হস্তান্তর না করতে নির্দেশ দিয়ে চিঠি পাঠায় সমবায় অধিদপ্তর। ওই দিনই দেশের সব বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধকের কাছেও চিঠি দেওয়া হয়। তাতে ডেসটিনি মাল্টিপারপাস যেন সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে না পারে, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।সমবায় অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০০৮-০৯ অর্থবছর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ডেসটিনি মাল্টিপারপাস সোসাইটি ২২৬ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে দেশের বিভিন্ন স্থানে জমি ও স্থাপনা কিনেছে।সূত্র জানায়, ডেসটিনি মাল্টিপারপাসের অনিয়মসংক্রান্ত তদন্ত প্রতিবেদনটি ২৬ আগস্ট পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। প্রতিবেদনে বিশাল অঙ্কের অনিয়ম উঠে আসে। সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় সরকার ডেসটিনি মাল্টিপারপাসের সম্পদ বিক্রিতে বাধা দিতে পারে—এমন আশঙ্কা থেকেই তড়িঘড়ি এজিএম করে সম্পদ বিক্রির বিষয়টি পাস করেছে সমিতি।অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২৬ আগস্ট যে প্রতিবেদন জমা দেওয়া হয়, তার আলোকে নির্দেশনা এসেছে ১৬ অক্টোবর। মন্ত্রণালয় থেকে কোনো বিষয়ে নির্দেশনা আসতে যদি দেড় মাস সময় লেগে যায়, তা হলে কোনো কোনো সমিতি এর ফায়দা নেবে।অধিদপ্তরের নিবন্ধক মো. হুমায়ুন খালিদ বলেন, ‘এজিএমের কার্যবিবরণী হাতে পাওয়ার পর আমরা তা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি। আলোচ্যসূচিতে জমি ও সম্পদ বিক্রিসহ কয়েকটি বিষয় ছিল, যা সমবায় আইন ও ডেসটিনি মাল্টিপারপাসের নিজস্ব আইনের পরিপন্থী। এসব বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।