ডেসটিনি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও বৈশাখী মিডিয়া লিমিটেডের (বৈশাখী টেলিভিশন) ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৈশাখী টিভির শেয়ার হস্তান্তর নিয়ে এক মামলায় গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান এ আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বাকি দুজন হলেন বৈশাখী মিডিয়া লিমিটেডের পরিচালক ইরফান আহমেদ ও সৈয়দ সাজ্জাদ হোসেন। এই তিনজনের বিরুদ্ধে গতকাল মামলাটি করেন বিএনএস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এম এইচ এন বুলু। মামলার আরজিতে বলা হয়, বৈশাখী টেলিভিশনে বাদীর নামে থাকা ৬৪ হাজার শেয়ার (প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা) ডেসটিনি-২০০০ বরাবর হস্তান্তর করার লক্ষ্যে আসামিদের সঙ্গে ২০০৮ সালে চুক্তি হয়। চুক্তি মোতাবেক বাদীকে তিন কোটি টাকা ও বৈশাখী টেলিভিশনের ঋণ পরিশোধ করার কথা ছিল। কিন্তু ওই টাকা পরিশোধ না করায় ২০০৮ সালে ১৫ ডিসেম্বর বাদী তাঁর শেয়ার হস্তান্তরের চুক্তি বাতিল করার জন্য ডেসটিনিকে চিঠি দেন। এরই পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি ডেসটিনি কর্তৃপক্ষ বাদী এইচ এন বুলুকে তিন কোটি টাকার একটি চেক দেয়। পরে বাদী যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ে (জয়েন্ট স্টক কোম্পানি) খবর নিয়ে জানতে পারেন, বৈশাখী মিডিয়া লিমিটেডের সব শেয়ার ২০০৯ সালে ২৯ জুন ডেসটিনির নামে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করার ক্ষেত্রে জয়েন্ট স্টক কোম্পানিতে বিধি মোতাবেক পর্যাপ্ত স্ট্যাম্প সরবরাহ করা হয়নি। আসামিরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের মালিকানা পরিবর্তন করেছেন অভিযোগ করে বাদী এ মামলা করেন।এইচ এন বুলুর পক্ষে মামলাটি পরিচালনা করেন তানজীব-উল আলম ও তাপস দত্ত।