ডেসটিনি পৌনে চার হাজার কোটি টাকার অনিয়ম করেছে: বাণিজ্যমন্ত্রী
সরকারি তদন্তে ডেসটিনির মোট তিন হাজার ৭৯৮ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ১৭৮ টাকার অনিয়ম ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। আজ রোববার বাণিজ্যমন্ত্রী গোলাম কাদের সংসদে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন। এ সম্পর্কিত প্রশ্নটি করেন সাংসদ সাধনা হালদার। মন্ত্রী জানান, ডেসটিনির অনিয়ম তদন্তে আন্তমন্ত্রণালয় কমিটি গত বছরের ১৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেয়। এতে ডেসটিনি পরিবারভুক্ত ২২ জন পরিচালক ও মালিক নিজেদের মধ্যে অধিকাংশ লেনদেন করেন বলে অনিয়ম ধরা পড়ে। এ ছাড়া প্রতিষ্ঠানটি চড়া সুদে অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালাত। বিভিন্ন কোম্পানির শেয়ার হস্তান্তরেও অনিয়ম করেছে ডেসটিনি। ক্রমাগত লোকসানি প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগের মাধ্যমে তহবিল তছরুপ করেছে। মন্ত্রী জানান, একচেটিয়া পণ্যের বাজার সৃষ্টি করে ডেসটিনি চড়া মুনাফায় পণ্যসামগ্রী বিপণন করেছে। প্রকৃত মূল্যের চেয়ে কম দাম দেখিয়ে তারা অনেক কম দামে বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছে। বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন না করেই গ্রাহকদের কাছ থেকে অনেক অর্থ সংগ্রহ করেছে। এ ছাড়া সমিতির সদস্যদের কাছ থেকে পাওয়া অর্থ খরচেও তারা অনিয়ম করেছে। বহুধাপ বিপণন (এমএলএম) কোম্পানির প্রতারণা বন্ধে সরকারের পদক্ষেপ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ ধরনের প্রতারণা বন্ধে সরকার আইন করার উদ্যোগ নিয়েছে। আইনের খসড়া গত বছরের ১৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদে নীতিগতভাবে অনুমোদন হয়েছে। আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাই হওয়ার পর তা সংসদে উত্থাপন করা হবে।