ডেসটিনির অনিয়ম খতিয়ে দেখতে কমিশন হবে: বাণিজ্যসচিব
বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন বলেছেন, ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা হবে। আর কমিশনটি হবে একটি পরিপূর্ণ কমিশন, কোনো অস্থায়ী কমিশন নয়।বাণিজ্যসচিব এই কমিশন করার ব্যাপারে আজ মঙ্গলবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। অর্থমন্ত্রীর সঙ্গে বিকেলে এক বৈঠক শেষে বাণিজ্যসচিব সাংবাদিকদের এসব কথা জানান।বাণিজ্যসচিব বলেন, যুবক কমিশনের মতোই ডেসটিনির ব্যাপারে একই রকম তদন্ত কমিশন করা হবে। তিনি মনে করেন, বিষয়টির ব্যাপকভিত্তিক তদন্ত হওয়া দরকার।বৈঠক করার সময় অর্থমন্ত্রী ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারিকে ডেকে পাঠান। বৈঠক শেষে পাটোয়ারি সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রীর কাছ থেকে তিনি এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাননি।এর আগে গতকাল সোমবার ‘ডেসটিনি ২০০০ লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবৈধ কার্যক্রম’ বিষয়ে গঠিত কমিটি এই কমিশন গঠনের সুপারিশ করে। এই সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। আজ বাণিজ্য মন্ত্রণালয় তা অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।