ডেসটিনির অনিয়ম নিয়ে কমিশন গঠনের সুপারিশ
ডেসটিনিবিষয়ক চূড়ান্ত প্রতিবেদনেও কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। ডেসটিনি গ্রুপের অনিয়ম-দুর্নীতিবিষয়ক যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরের (রেজসকো) নিবন্ধক আহমেদুর রহিমকে প্রধান করে গঠিত কমিটি সাড়ে তিন মাসের মাথায় এই পূর্ণাঙ্গ প্রতিবেদন গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে।কমিটি এর আগে গত মাসে প্রাথমিক আরেকটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছিল। সেখানেও কমিশন গঠনের সুপারিশ ছিল। আহমেদুর রহিম কমিটির চূড়ান্ত প্রতিবেদনে অবসরপ্রাপ্ত জজ, বাংলাদেশ ব্যাংকের সাবেক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং চার্টার্ড অ্যাকাউনটেন্ট প্রতিষ্ঠান নিয়ে কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ অনুযায়ী যেন তা গঠন করা হয়। তবে যে আইনটির আওতায় কমিশন গঠন করা হবে, সেই আইনেরও কিছু সংশোধনী দরকার বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কমিশন ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের আলাদা নিরীক্ষা করবে এবং সম্পদ ও দায়-দেনা নিরূপণ করবে। এ ছাড়া মানি লন্ডারিং, অবৈধ ব্যাংকিং ও গ্রাহক প্রতারণা খতিয়ে দেখবে। দেড় মাস আগে গত ১৭ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কমিশন গঠনের লিখিত প্রস্তাব পাঠিয়েছিলেন বাণিজ্যসচিব গোলাম হোসেন। ওই দিন অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘কালই ডেসটিনির অনিয়ম-দুর্নীতি বিষয়ে তদন্ত কমিশন গঠনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আর কমিশনটি ছোট হওয়াই ভালো হবে। কারণ, বেশি লোকে তেমন কোনো কাজ হয় না।’ প্রাথমিক সেই প্রতিবেদনে সমবায় আইন, কোম্পানি আইন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইন এবং সিকিউরিটিজ আইনে অভিজ্ঞ আইনজীবী; চার্টার্ড অ্যাকাউনটেন্ট প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক, সমবায় অধিদপ্তর ও পুলিশ বিভাগের শীর্ষ পর্যায়ের সাবেক কর্মকর্তাদের নিয়ে কমিশন গঠনের সুপারিশ করা হয়েছিল। আহমেদুর রহিম কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন গঠনের সিদ্ধান্তের কথা কয়েকবারই সাংবাদিকদের বলেছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী। গতকাল তিনি জানান, প্রতিবেদনটি এখনো তাঁর হাতে পৌঁছেনি। তবে বাণিজ্যসচিব গোলাম হোসেন গতকালই প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। যোগাযোগ করলে রেজসকো নিবন্ধক আহমেদুর রহিম কোনো মন্তব্য করতে রাজি হননি।