ডেসটিনির অবৈধ গাছবাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের দুর্গম পার্বত্য এলাকায় সাড়ে পাঁচ হাজার একর জমিতে একাশিয়াগাছের বাগান গড়ে তুলেছে ডেসটিনি। পার্বত্য বান্দরবান জেলা পরিষদ আইনসহ সংশ্লিষ্ট ভূমি ব্যবস্থাপনার নিয়ম লঙ্ঘন করে তারা প্রায় দেড় কোটি গাছ লাগায়।এসব গাছ আট লাখ ৬৭ হাজার ৭৮২টি ‘প্যাকেজের’ মাধ্যমে গ্রাহকদের কাছে বিক্রি করা হয়েছে। ডেসটিনির হিসাবে গাছ ও জমি বাবদ মোট সম্পদের পরিমাণ চার হাজার ৬৪০ কোটি চার লাখ পাঁচ হাজার টাকা।পাহাড়ে দখল নেওয়া জমিতে গাছ লাগানোর কার্যক্রম ‘সবুজ বাংলা’ প্রকল্প দেখিয়ে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড গ্রাহকদের কাছ থেকে গোল্ডেন, সিলভারসহ নানা প্যাকেজে প্রায় এক হাজার কোটি টাকা ‘গাছ সার্টিফিকেটের’ মাধ্যমে তুলে নিয়েছে। আর এসব জমিতে এভাবে গাছ লাগানোকে অবৈধ হিসেবে চিহ্নিত করেছে বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। বান্দরবান জেলা পরিষদ আইন ও পার্বত্য ভূমি বিধিমালা অনুযায়ী সরকারি ইজারা দেওয়া জমি মূল ইজারাদার ছাড়া অন্য কারও কাছে পূর্বানুমতি ছাড়া হস্তান্তর করা যাবে না। মূলত রাবারবাগান ও উদ্যান করার জন্য সরকার বিভিন্ন সময় ওই জমিগুলো ইজারা দিয়েছিল। ১৯৯৮ সালের বান্দরবান জেলা পরিষদ আইনের ৬৪ ধারা অনুযায়ী ৪০ বছর মেয়াদে ইজারা দেওয়া ওই জমি অন্য কেউ ব্যবহার করতে চাইলে জেলা পরিষদ ও আদিবাসীদের পাড়াপ্রধানের (হেডম্যান ও কার্বারি) পূর্বানুমতি লাগবে। ইজারা দেওয়া ওই জমিতে রাবার, ফলদ ও বনজগাছ ছাড়া অন্য কোনো গাছ লাগানো যাবে না।বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা প্রথম আলোকে বলেন, ডেসটিনি আইনকানুনের তোয়াক্কা না করে জোর করে বান্দরবানে গাছ লাগাচ্ছে। অনুমোদন ও পূর্বানুমতি নেওয়া তো দূরের কথা, নিষেধ করা সত্ত্বেও তারা বান্দরবানে তাদের অবৈধ গাছবাগান কার্যক্রম বন্ধ করছে না। এতে আদিবাসীদের জুম্মের জমি দখল হয়ে তারা আরও বেশি কোণঠাসা হয়ে পড়ছে। ডেসটিনির এই কার্যক্রম পাহাড়ের শান্তি বিনষ্ট করছে বলেও মন্তব্য করেন এই আদিবাসী নেতা।সরকারিভাবে রাবার প্লট, হর্টিকালচার (ফলবাগান) ও পাহাড়ে বাঙালিদের পুনর্বাসনের জন্য বরাদ্দ দেওয়া এসব জমিতে একসময় প্রাকৃতিক বন ছিল। আদিবাসীরা এখানে জুম চাষ করত। পার্বত্য চুক্তি অনুযায়ী পাহাড়ের জমিতে আদিবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক মালিকানা দেওয়ার কথা ছিল। পার্বত্য চুক্তির এই শর্ত বাস্তবায়ন না হওয়ায় এমনিতেই কোণঠাসা আদিবাসীরা। এখন ডেসটিনির এই তৎপরতার ফলে আরও বেশি করে তারা জীবিকা হারাচ্ছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ।বান্দরবানের অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ফয়েজ আহমেদ প্রথম আলোকে বলেন, ডেসটিনি বান্দরবানের পাহাড়ে যে গাছ লাগিয়েছে, তা অবৈধ। কেননা, যে জমিতে তারা গাছ রোপণ করেছে, সেখানে রাবার ও ফলগাছ ছাড়া অন্য কোনো গাছ লাগানোর অনুমতি নেই। জমি হস্তান্তর ও ব্যবস্থাপনা বদলাতে হলে আদিবাসী সমাজ নেতা ও জেলা প্রশাসনেরও পূর্বানুমতি নিতে হবে। এ ধরনের কোনো অনুমতি তারা নেয়নি।পাহাড়ি জমি দখল নিতে গিয়ে ডেসটিনি স্থানীয় আদিবাসী ও বাঙালিদের প্রতিরোধের মুখেও পড়েছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় ডেসটিনি প্রায় ছয় হাজার একর জমি দখলে নিয়েছে। তবে আদিবাসী ও বাঙালিদের প্রতিরোধের কারণে প্রায় দুই হাজার ২০০ একর জমি দখল নেওয়ার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে।ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি শুরুতে বলেন, ‘আমরা কেউ ফেরেশতা না। কাজ করলে ভুল হবেই।’ বান্দরবানে মামুন খান নামের একজনের কাছ থেকে জমি কিনে গাছবাগান প্রকল্প শুরু করার কথা উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী সময়ে একই প্রক্রিয়ায় বান্দরবানের লামাসহ অন্যান্য এলাকায় গাছবাগান কার্যক্রম সম্প্রসারণ শুরু হয়। তিনি বলেন, স্থানীয় আদিবাসী ও বাঙালি প্লট-মালিকেরা ডেসটিনির কাছে স্বপ্রণোদিত হয়ে গাছবাগান করতে জমি দিচ্ছে।কিন্তু অনুমোদন ছাড়া জমি অন্যদের কাছে ইজারা বা অংশীদারির ভিত্তিতে হস্তান্তর করা যায় না বলা হলে রফিকুল আমীন বলেন, ‘বিষয়টি আমাকে তাহলে আরেকটু খতিয়ে দেখতে হবে। তবে যদি আমরা শেষ পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা পরিষদের অনুমোদন না পাই, তাহলে গাছ প্রকল্পের গ্রাহকেরা ডেসটিনির অন্য প্রোডাক্ট কিনতে পারবে। সেই সুযোগ তাদের রয়েছে।’পাহাড়ে সংকট বাড়াচ্ছে ডেসটিনি: পাহাড়ি জমি দখলের এই তৎপরতার কারণে পার্বত্য চট্টগ্রামের ভূমির মালিকানা নিয়ে বিদ্যমান সমস্যা আরও প্রকট হচ্ছে। গাছবাগান প্রকল্পের বিরুদ্ধে বান্দরবান এলাকায় আদিবাসী ও কয়েকটি বামসংগঠন আন্দোলন শুরু করেছে। ২০০৯ সালে বান্দরবানের লামার ইয়াংসা ইউনিয়নের কাঁঠালছড়া এলাকায় জুম্ম ও প্রাকৃতিক বন দখল করতে গেলে স্থানীয় ত্রিপুরা আদিবাসীরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ত্রিপুরাদের সঙ্গে ডেসটিনির লোকদের সংঘর্ষও হয়। পরবর্তী সময়ে লামা উপজেলা পরিষদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। ২০০৯ সালের ৩ আগস্ট বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের কাঁঠালছড়া ত্রিপুরাপাড়ার পক্ষে জনেরাং ত্রিপুরা ও জোথুরাম ত্রিপুরা জেলা প্রশাসনের কাছে ডেসটিনির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তাঁরা ডেসটিনির বিরুদ্ধে ৮৪টি ত্রিপুরা আদিবাসী পরিবারের জুম চাষের জমি ও ফলদ-বনজবাগান ধ্বংস করে বিদেশি প্রজাতির গাছবাগান করার অভিযোগ তোলেন। ত্রিপুরা আদিবাসীদের পাড়া থেকে উচ্ছেদের চেষ্টারও অভিযোগ তোলেন তাঁরা।তবে মূল ইজারাদারদের সম্মতি ও অংশীদারির ভিত্তিতে ইজারা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন। তাহলে কেন আদিবাসীরা ওই জমিতে ডেসটিনিকে যেতে দেয়নি, এ প্রশ্ন করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ইজারা নেওয়ার পরও দুই হাজার ২০০ একর জমি ডেসটিনি দখলে নিতে পারেনি। মূলত ভূমির মালিকানা নিয়ে সমস্যা হলে ও আদিবাসীরা বাধা দিলে আমরা আর জোর করে সেখানে যাই না।’আবার ডেসটিনি কত গাছ রোপণ করেছে, তা নিয়েও রয়েছে ধূম্রজাল। স্টক এক্সচেঞ্জের কাছে জমা দেওয়া নথিতে ডেসটিনি বলেছে, তারা এ পর্যন্ত আড়াই কোটি গাছ রোপণ করেছে। প্রতিষ্ঠানটির বান্দরবান ও চট্টগ্রামে গাছ লাগানোর কার্যক্রম তদারকির দায়িত্বে নিয়োজিত ডেসটিনির চট্টগ্রামের চকরিয়ায় অবস্থিত আঞ্চলিক কার্যালয় থেকে বলা হয়েছে রোপিত গাছের সংখ্যা দেড় কোটি। রাজধানীর স্কাউট ভবনে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয় থেকে বলা হয়েছে, দেড় কোটি গাছ লাগানো হলেও এর মধ্যে ২০ শতাংশ গাছ মারা গেছে। আগে নিয়মিতভাবে তারা মৃত গাছের জায়গায় নতুন করে গাছ লাগালেও ছয় মাস ধরে তা আর করা হচ্ছে না। কাগজে-কলমে বাগান আছে বান্দরবানের এমন কিছু এলাকায় সরেজমিনে দেখা গেছে সেখানে আদতে কোনো বাগান নেই। সরেজমিনে জানা গেছে, ডলুছড়ি, ইয়াংসা, কাঁঠালছড়ি, ফাসিয়াখালী এলাকায় ডেসটিনি স্থানীয় জনগণের বাধা সত্ত্বেও বাগান করেছে।সংরক্ষিত বন ধ্বংস-দখল: সংরক্ষিত বনের গাছ কেটে তা দখল করারও অভিযোগ রয়েছে ডেসটিনির বিরুদ্ধে। বান্দরবানের সাঙ্গু-মাতামুহুরি সংরক্ষিত বনের ১৫০ একর জমির প্রাকৃতির বন কাটার অভিযোগে ডেসটিনির চারজন কর্মকর্তার বিরুদ্ধে বন বিভাগ থেকে মামলাও হয়েছিল। সহকারী বন কর্মকর্তা (এসিএফ) খায়রুল আলম ভূঁইয়া সরকারি চাকরিতে বহাল অবস্থায় ছুটি নিয়ে ডেসটিনিতে যোগ দিয়ে এই বন দখলের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। সংরক্ষিত বন কেটে ধ্বংস করার কাজে অংশ নেওয়ায় ওই ছয়জনসহ মোট ৭০ জনের বিরুদ্ধে মামলা করে বন বিভাগ। বান্দরবানের সাঙ্গু রেঞ্জের কর্মকর্তা জহিরুল হক ২০০৮ সালের ৫ অক্টোবর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জুডিশিয়াল আদালতে ডেসটিনির বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় ডেসটিনির কর্মকর্তাদের ভূমিগ্রাসী, বনজসম্পদ পাচারকারী, সরকারি ভূমি দখলকারী, প্রাকৃতিক বন ও জীববৈচিত্র্য ধ্বংসকারী, সশস্ত্র সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করা হয়। মামলাটি এখনো বিচারাধীন।