ডেসটিনির আরও তথ্য চেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি-সম্পর্কিত আরও ছয়টি বিষয়ে তথ্য চেয়ে ডেসটিনি ২০০০ লিমিটেড ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যানকে পৃথক দুটি চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিঠি অনুযায়ী ১০ জুনের মধ্যে এসব তথ্য দুদককে সরবরাহ করতে হবে।আজ বুধবার দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদারের সই করা চিঠি দুটি ডেসটিনির কাকরাইল ও বীর উত্তম সি আর দত্ত রোডে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিভিন্ন প্যাকেজ এবং বিক্রির ক্ষেত্রে নির্বাচনী কমিটির রেজুলেশনসহ সিদ্ধান্তের কপি ও সাধারণ সভার অনুমোদন-সংক্রান্ত রেকর্ডপত্র চাওয়া হয়েছে। আর ডেসটিনি ২০০০ লিমিটেডের মার্কেটিং কোম্পানিতে নিয়োগ ও তার বিপরীতে কমিশন প্রদান-সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে।এ ছাড়া ডেসটিনি মাল্টিপারপাসের কী পরিমাণ অর্থ সহযোগী প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করা হয়েছে, মাল্টিপারপাসের কী পরিমাণ অর্থ দিয়ে কী কী সম্পদ কেনা হয়েছে, কীসের ভিত্তিতে এক প্রতিষ্ঠানের অর্থ অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে, তা-ও ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে।