ডেসটিনির আরও ৪১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (ডিএমসিএসএল) ২২ কর্মকর্তার ৪১টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এই আদেশ দেন।এর আগে দুই দফায় ৬০৪টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। এ ছাড়া গত বছরের ২৭ নভেম্বর ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, তাঁর স্ত্রী ফারাহ দীবা আমীন, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ২২ কর্মকর্তার স্থাবর-অস্থাবর সম্পত্তিও জব্দের নির্দেশ দেন আদালত।আবেদনে বলা হয়, রফিকুল আমীন, মোহাম্মদ হোসেনসহ অন্য আসামিরা জনগণকে অধিক আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাত্ করেছেন। আসামিরা আত্মসাত্ করা অর্থ বিভিন্ন ব্যাংকে ৪১টি হিসাবে জমা রাখেন যার পরিমাণ চার কোটি ৪৪ লাখ ৭১ হাজার টাকা, তা জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেন।গত ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন ও গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদসহ ২২ জনের বিরুদ্ধে দুদক রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা দায়ের করে। আসামিদের মধ্যে ১০ পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র স্থানান্তরের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।