ডেসটিনির এমডি ও চেয়ারম্যান দুদক কার্যালয়ে
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে হাজির করা হয়েছে। বিকেল চারটার দিকে শাহবাগ থানার একটি গাড়িতে করে তাঁদের সেখানে নেওয়া হয়।দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, অর্থ হস্তান্তর কোথায় হয়েছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাঁদের দুদকে নেওয়া হয়েছে। গতকাল বুধবার তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ এরফানউল্লাহ এই দুজনকে অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে দুদকের করা দুই মামলায় ১৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। গতকাল রাতেই দুদকের পরিচালক স্কোয়াড্রন লিডার তাহিদুল ইসলামের নেতৃত্বে আট সদস্যদের তদন্ত দল তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে। দুদকের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সদস্যদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের ১১ লাখ ৯৭ হাজার ৩১৬টি শেয়ার সার্টিফিকেট দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়েছে মাত্র ১৩ হাজার ৬৫টি। বাকি শেয়ারের অর্থ কোথায় রাখা হয়েছে বা কোথায় পাচার করা হয়েছে; আসামিরা এই প্রতারণা ব্যবসা কত টাকা নিয়ে শুরু করেন; সে সময় তাঁদের নিজস্ব কোনো পণ্য ছিল কি না, না থাকলে কোথাকার পণ্য দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা শুরু হয় প্রভৃতি বিষয়ে গত রাতে জিজ্ঞাসাবাদ করা হয়।দুদক গত ৩১ জুলাই ডেসটিনির বিরুদ্ধে দুটি মামলা করে। তাতে আসামিদের বিরুদ্ধে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ টাকা অন্যত্র হস্তান্তর ও আত্মসাতের অভিযোগ করা হয়।