ডেসটিনির এমডি ও চেয়ারম্যান ১৮ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে করা দুদকের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে নয় দিন করে ১৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এরফান উল্লাহ এ আদেশ দেন।তবে গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ এই দুই মামলায় উচ্চ আদালতে আবেদন করেছেন। ওই আবেদনের ওপর আজ বুধবার শুনানি হওয়ার কথা। নিম্ন আদালত তাঁর রিমান্ড আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি।গত ১১ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম দুই মামলায় ১০ দিন করে এই তিনজনকে ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। পরে আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। এর পরিপ্রেক্ষিতে আজ বেলা দুইটার দিকে তাঁদের আদালতে হাজির করা হয়।গত বৃহস্পতিবার এই তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।গত ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন ও গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদসহ ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে ১০ পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র স্থানান্তরের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাঁদের বিরুদ্ধে এই মামলা করা হয়।গত ৬ আগস্ট ডেসটিনি গ্রুপের রফিকুল আমীন, হারুন-অর-রশিদ, মোহাম্মদ হোসাইন, ডেসটিনি ২০০০ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক ও পরিচালক সাঈদ-উর রহমানকে জামিন দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।১৩ আগস্ট দুদক এই আদেশের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে রিভিশন আবেদন করে। ১২ সেপ্টেম্বর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান রিভিশন মঞ্জুর করে জামিন বাতিল করে দেন। পরদিন আসামিপক্ষে ভারপ্রাপ্ত বিচারকের ক্ষমতা চ্যালেঞ্জ করলে বিচারক জহুরুল হক ওই আদেশ বাতিল করে পুনরায় শুনানির আদেশ দেন। ৫ সেপ্টেম্বর ১৬ জন ও ৯ সেপ্টেম্বর একজন জামিন পান। এর মধ্য দিয়ে ওই দিন মামলার ২২ আসামির সবাই জামিনে মুক্তি পান। ওই আদেশের বিরুদ্ধে দুদক রিভিশন করে। গত ২৭ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক সব আসামির জামিন বাতিল করে দেন।মামলার অন্য আসামিরা হলেন: রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দীবা, মেজবাহ উদ্দিন স্বপন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানি, জমসেদ আরা চৌধুরী, শেখ তৈয়েবুর রহমান ও নেপাল চন্দ্র বিশ্বাস; ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলম এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—জাকির হোসেন, আজাদ রহমান, আকরাম হোসেন সুমন, শিরিন আক্তার, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সাইদুল ইসলাম খান ও আবুল কালাম আজাদ।