ডেসটিনির কর্মকর্তাদের জামিন বাতিলে দুদকের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা আলাদা দুটি মামলায় ডেসটিনির পাঁচ কর্মকর্তার জামিন বাতিল চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬ আগস্ট ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক ও পরিচালক সাঈদ-উর-রহমান তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে দুদকের করা দুই মামলায় জামিন পান। আজ সোমবার মহানগর দায়রা জজ আদালতে ওই মামলায় তাঁদের জামিন বাতিলের আবেদন করেছে দুদক। ভারপ্রাপ্ত বিচারক আখতারুজ্জামানের আদালতে এই আবেদন করা হয়। দুদকের সহকারী উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জামিন বাতিলের আবেদন করেন। এদিকে এই দুই মামলায় আরও ১৭ জন আত্মসমর্পণ করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করেছেন। তবে মহানগর হাকিম আতাউল হক জামিন শুনানি না করে তা ফিরিয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট দুদকের নিবন্ধন শাখার কর্মকর্তা আবদুর রশিদ বিচারকের খাসকামরা থেকে বেরিয়ে জানান, এই মামলার জামিনের বিষয়ে বিচারক শুনবেন না। যেহেতু জামিন বাতিলের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে এবং জজ আদালত মামলার নথি তলব করেছেন। এ কারণে বিচারক জামিন শুনানি গ্রহণ করবেন না। তাই আসামি পক্ষের আইনজীবীদের আবেদন ফিরিয়ে দেন তিনি।৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় রফিকুল আমীন, হারুন-অর-রশিদসহ ডেসটিনির ২২ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম দুটি মামলা করেন।