ডেসটিনির কর্মকর্তাদের দেখা দিলেন না অর্থমন্ত্রী
ডেসটিনি গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লে জে (অব.) হারুন-অর-রশীদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমীন, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনসহ ছয়জন শীর্ষ কর্মকর্তা সচিবালয়ে আজ রোববার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান।সাক্ষাৎকারটি ছিল অনির্ধারিত এবং এর আলোচ্য বিষয় জানা যায়নি। তবে বিকেল চারটা থেকে পাঁচটা ২৫ মিনিট পর্যন্ত তাঁরা অর্থ মন্ত্রণালয়ের অপেক্ষা কক্ষে বসে ছিলেন।পাঁচটার দিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, যুগ্ম সচিব গোকুল চাঁদ দাস, অর্থমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ আবুল হাসান, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমানসহ আরও কয়েকজন কর্মকর্তাকে অর্থমন্ত্রীর কার্যালয় কক্ষে একে একে প্রবেশ করতে দেখা যায়।সূত্র জানায়, ডেসটিনি গ্রুপের কর্মকর্তাদের সাক্ষাৎ দেবেন কি দেবেন না—এমন বিষয়ে সিদ্ধান্ত নিতেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ডেকে পাঠান অর্থমন্ত্রী। তাঁদের সঙ্গে পরামর্শ করে অর্থমন্ত্রী সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তের কথা ডেসটিনির কর্মকর্তাদের জানিয়ে দেন। পাঁচটা ২২ মিনিটে ডেসটিনির কর্মকর্তারা অপেক্ষা কক্ষ থেকে একে একে বেরিয়ে যান।অন্য একটি সূত্র জানায়, সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে হারুন-অর-রশীদের নেতৃত্বে একটি দল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে অর্থমন্ত্রী এতে সম্মতি দেন। সাক্ষাৎকার আয়োজনের বিষয়ে অর্থমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগের কাজটি করেন সিলেট ছাত্রলীগের একজন নেতা। অর্থমন্ত্রী যখন বুঝলেন, সেক্টর কমান্ডারস ফোরামের নামে মূলত ডেসটিনির কর্মকর্তারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, তখনই তিনি তাঁদের ‘না’ করে দেন।উল্লেখ্য, হারুন-অর-রশীদ শুরুর দিকে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি সেক্টর কমান্ডারস ফোরামের জেনারেল সেক্রেটারি।