ডেসটিনির চার কর্মকর্তার বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের সি-ইন পয়েন্টে অনুমোদনবিহীন নয়তলা ভবন নির্মাণের অভিযোগে মাল্টিলেভেল কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের চারজন কর্মকর্তার বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। ডেসটিনির সহযোগী প্রতিষ্ঠান ‘বেস্ট ওয়েস্টার্ন ডেসটিনি বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী সুশান্ত কুমার দাস, কনফিগার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের পরিচালক প্রকৌশলী তৈয়বুর রহমান, প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান ও প্রকল্প প্রকৌশলী মাজহারুল ইসলামের বিরুদ্ধে মামলাটি হয়। আবদুল্লাহ আল মামুন প্রথম আলো ডটকমকে জানান, সমুদ্রসৈকত-সংলগ্ন প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু ডেসটিনি ডেভেলপার্স লিমিটেড কর্তৃক নির্মিত ‘বেস্ট ওয়েস্টার্ন ডেসটিনি বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট’ নামের নয়তলা ভবনটি নির্মাণের ক্ষেত্রে তা করা হয়নি। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কে এম আলমগীর কবির জানান, ডেসটিনির এই ভবনটি নির্মাণের আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনও নেওয়া হয়নি।গত ২৪ এপ্রিল প্রথম আলোতে ‘কক্সবাজারে ডেসটিনির অনুমোদনবিহীন ভবন নির্মাণ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে হাইকোর্ট ২৪ ঘণ্টার মধ্যে ওই ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। এরপর জেলা প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয়।মামলার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, মামলাটি বিচারের জন্য চট্টগ্রামের পরিবেশ আদালতে পাঠানো হবে। আইন অনুযায়ী মামলাটি পরিবেশ অধিদপ্তরের একজন পরিদর্শক (কর্মকর্তা) তদন্ত করবেন এবং আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন।