ডেসটিনির চেয়ারম্যানকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমিনকে আজ বৃহস্পতিবার পরপর দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।রফিকুল আমিন আজ সকালে দুদক কার্যালয়ে হাজির হন। বেলা দুইটা ৪০ মিনিট থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। বিকেল পাঁচটার দিকে তাঁর জিজ্ঞাসাবাদ শেষ হয়। এর আগে গতকাল বুধবারও ডেসটিনির চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের জানান, বুধবার মাল্টিপারপাস কো-অপারেটিভের আর্থিক লেনদেনের নথিপত্র এবং আজ বৃহস্পতিবার ট্রি প্ল্যান্টেশন ও ডেসটিনি ২০০০-এর আর্থিক নথিপত্র জমা দিতে বলেছে কমিশন।তথ্য-উপাত্ত জমা দিতে এর আগেও বেশ কয়েকবার দুদকে আসেন রফিকুল আমিন। এদিকে বিশেষ অনুসন্ধান বিভাগের এক তদন্ত কর্মকর্তা নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে প্রথম আলোকে জানিয়েছেন, এর আগে সমবায় অধিদপ্তরের একটি নিরীক্ষা দল ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক বিষয়ে খতিয়ে দেখে। নিরীক্ষায় অনেক অসংগতি বের হয়। এ ছাড়া ডেসটিনির আগের জমা দেওয়া কাগজপত্রের সঙ্গে তাঁদের জবানবন্দির অনেক গরমিল রয়েছে। তাই আবারও ডেসটিনির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন দেখা দিয়েছে বলে তিনি জানান।রফিকুল আমিনের নথিপত্র ও জবানবন্দি মিলিয়ে দেখতে আজ সমবায় অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকেও দুদকে হাজির হওয়ার অনুরোধ জানিয়েছে দুদক কর্তৃপক্ষ।