ডেসটিনির চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও বৈশাখী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মহানগর হাকিম সাইফুর রহমান। পরোয়ানাভুক্ত অন্য দুজন হলেন বৈশাখী মিডিয়া লিমিটেডের পরিচালক ইরফান আহমেদ ও সৈয়দ সাজ্জাদ হোসেন।প্রতারণার মাধ্যমে ডেসটিনির শেয়ার হস্তান্তরের অভিযোগে করা এক মামলায় আদালত এ পরোয়ানা জারি করেন।বিএনএস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এম এইচ এন বুলু আজ সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।মামলার আরজিতে বলা হয়, বৈশাখী টেলিভিশনে বাদীর নামে থাকা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৬৪ হাজার শেয়ার, যা ডেসটিনি-২০০০ বরাবর হস্তান্তর করা হবে বলে চুক্তি হয়। চুক্তি মোতাবেক শেয়ারের বিপরীতে ডেসটিনি ২০০৮ সালে বাদীকে তিন কোটি টাকা ও বৈশাখী টেলিভিশন ঋণ পরিশোধ করার কথা। কিন্তু ওই চুক্তির আলোকে ডেসটিনি টাকা পরিশোধ না করায় ২০০৮ সালে ১৫ ডিসেম্বর বাদী চুক্তি বাতিল করার জন্য ডেসটিনিকে চিঠি দেন। এরই পরিপ্রেক্ষিতে ডেসটিনি ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি বাদী বুলুকে তিন কোটি টাকার একটি চেক দেয়।আরজিতে আরও বলা হয়, বাদী জয়েন্ট স্টক কোম্পানিতে খবর নিয়ে জানতে পারেন, বৈশাখী মিডিয়া লিমিটেডের সব শেয়ার ২০০৯ সালে ২৯ জুন ডেসটিনির নামে হস্তান্তর করা হয়। হস্তান্তর করার ক্ষেত্রে জয়েন্ট স্টক কোম্পানিতে বিধি মোতাবেক পর্যাপ্ত স্ট্যাম্প সরবরাহ করা হয়নি।আসামিরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের মালিকানা পরিবর্তন করেছেন অভিযোগ করে বাদী এ মামলা করেন।