ডেসটিনির জন্য সম্পর্কের অবনতি হয়েছে
কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ডেসটিনি জনগণের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। তিনি অভিযোগ করে বলেন, ‘ডেসটিনির জন্য স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হয়েছে, স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি হয়েছে।’কাদের সিদ্দিকী ডেসটিনির চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের বিচার দাবি করে বলেন, ‘ডেসটিনি মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে।’ আজ রোববার বিকেলে গাজীপুর জেলা শহরের মুক্তমঞ্চে কৃষক-শ্রমিক জনতা লীগ গাজীপুর জেলা শাখা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ সম্মানী লোককে সম্মান দিতে জানে না। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন ড. মুহাম্মদ ইউনূসের জন্য দেশে নাকি বিদেশি বিনিয়োগ কমে গেছে। যদি তা-ই হয়ে থাকে, তবে ইউনূসকে রাজি করে বিনিয়োগ বাড়াতে অসুবিধা কোথায়।’ হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে অর্থমন্ত্রীর ‘চার হাজার কোটি টাকা তেমন কিছুই নয়’, এমন বক্তব্যের নিন্দা জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘দেশ স্বাধীন না হলে ৪০০ টাকাও জুটত না।’সংগঠনের জেলা শাখার আহ্বায়ক ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, আবদুর রহমান প্রমুখ।