ডেসটিনির দুর্নীতি তদন্তে সময় চাইল বাণিজ্য মন্ত্রণালয়
ডেসটিনি গ্রুপের অনিয়ম, দুর্নীতি খতিয়ে দেখতে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় চেয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত্ শেষে বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন সাংবাদিকদের এ কথা জানান।গোলাম হোসেন বলেন, ‘আমরা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে আরও দুই মাস সময় চেয়েছি। সরকার এতে রাজি হয়েছে।’চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি যৌথ মূলধনী কোম্পানি ও ফান্ডসমূহ পরিদপ্তরের নিবন্ধককে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি কয়েক দফা প্রতিবেদন দাখিল করলেও প্রতিবারই বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, কোনো প্রতিবেদন কার্যপরিধি (টিওআর) অনুযায়ী হয়নি। আজ বাণিজ্য সচিব বলেন, ‘বিষয়টি একটু জটিল। ডেসটিনি গ্রুপের ৩৪টি কোম্পানির অনিয়ম, দুর্নীতির প্রকৃতি খতিয়ে দেখতে এ সময়টা আমাদের দরকার।’ ডেসটিনি গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি অবৈধ ব্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত। তারা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া একদিকে যেমন আমানত সংগ্রহ করছে, অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত না হয়েও শেয়ার বিক্রি করছে।ডেসটিনি গ্রুপের এই প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশ ব্যাংক পরিচালিত বিশেষ পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নেওয়া এই প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে মাসে ২০ থেকে ২৫ কোটি টাকা তুলে নিচ্ছে। ৪০ লাখ প্রতিনিধির মাধ্যমে ব্যাংকের মতো রীতিমতো আমানত সংগ্রহ করছে তারা। অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত না হয়েও বিক্রি করছে এর শেয়ার। তথাকথিত শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটি হাতিয়ে নিয়েছে এক হাজার ৪০০ কোটি টাকা।ব্যাংকিং খাতে বর্তমানে যে তারল্য-সংকট রয়েছে, এ জন্য ডেসটিনির মতো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিগুলোর যোগসূত্র থাকতে পারে বলেও বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ব্যাংক বা পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ না করে সরাসরি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করায় ব্যাংক ব্যবসা ও মূলধন বাজার ক্রমশ সংকুচিত হয়ে পড়তে পারে।সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের বহুসংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে প্রতিষ্ঠানটির যোগসূত্র থাকায় অনেক সাধারণ মানুষ এর প্রতি আকৃষ্ট হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদন গত ২৫ মার্চ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভের সভাপতি হলেন ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। এ ছাড়া উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ গোফরানুল হক, পরিচালক (অর্থ) মোহাম্মদ সাইদ-উর রহমান, পরিচালক (ক্রয়) মেজবাহ উদ্দীন, মোহাম্মদ হোসাইন প্রমুখ। এ ছাড়া ব্যবস্থাপনা ও উপদেষ্টা পর্ষদে তাঁদের আত্মীয়স্বজন রয়েছেন।প্রতিবেদনে বলা হয়েছে, অভিনব মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতি অবলম্বন করছে। বিনিময়ে আমানত সংগ্রহকারীদের কমিশন দেওয়া হচ্ছে, যা অবৈধ ও অনৈতিক। প্রতিষ্ঠানটির অস্তিত্ব ভবিষ্যতে হুমকির মুখে পড়তে পারে এবং প্রতারিত হতে পারে জনগণ।বাংলাদেশ ব্যাংক বলেছে, ২০০৮-০৯ অর্থবছরে প্রতিষ্ঠানটি গবেষণা ও উন্নয়ন খাতে কোনো ব্যয় না করলেও ২০০৯-১০ অর্থবছরে ১৯৩ কোটি ২৭ লাখ টাকা এবং ২০১০-১১ অর্থবছরে ব্যয় দেখিয়েছে ৬৫৬ কোটি ৩২ লাখ টাকা। অথচ এর কোনো গবেষণাগার ও প্রশিক্ষণকেন্দ্র নেই।গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় রফিকুল আমীন, হারুন-অর-রশিদসহ ডেসটিনির ২২ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম দুটি মামলা করেন। মামলা দুটি থেকে গত ৬ আগস্ট জামিন পান ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক ও পরিচালক সাঈদ-উর রহমান। আর গতকাল জামিন পান ১৬ আসামি। এ ছাড়া দুর্নীতির মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানো হয়েছে। গত ২৭ আগস্ট গভীর রাতে দুদক কর্মকর্তা ও পল্টন থানার পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর পল্টন এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।