ডেসটিনির নিরীক্ষা করতে সিএজিকে চিঠি
ডেসটিনি ২০০০ লিমিটেড ও এর সহযোগী সব প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে সরকারিভাবে নিরীক্ষা করা প্রয়োজন। তাহলেই প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা, তহবিল, বিনিয়োগ ও আর্থিক লেনদেনের প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত হবে। এ কথা জানিয়ে গতকাল বুধবার মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) আহমেদ আতাউল হাকিমের কাছে একটি চিঠি (ডিও লেটার) পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় জনসাধারণের সঙ্গে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও বিধিবহির্ভূত কাজ করে থাকলে ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আরও ১১টি মন্ত্রণালয় ও বিভাগের কাছে গতকাল আলাদা আলাদা চিঠি পাঠিয়েছে।অন্যদিকে, ডেসটিনি গ্রুপের সার্বিক কার্যক্রম পর্যালোচনার জন্য জাতীয় পর্যায়ে একটি কমিশন গঠনের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (রেজসকো) নিবন্ধক আহমেদুর রহিমকেও গতকাল পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানোর তাগিদ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় আরেকটি চিঠি পাঠিয়েছে। এদিকে, ডেসটিনির ব্যাপারে তদন্ত কমিশন গঠনের কথা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগের দিন মঙ্গলবার সাংবাদিকদের জানালেও গতকাল তিনি জানান এটি গঠনে কিছুদিন দেরি হতে পারে। সচিবালয়ে এনজিওদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট বৈঠক শেষে গতকাল প্রথম আলোর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আন্তমন্ত্রণালয়ের আরও কিছু সভা-টভা হবে। তারপর কমিশন গঠিত হবে।’স্বরূপ উদ্ঘাটনে নিরীক্ষা: বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন স্বাক্ষরিত সিএজিকে লেখা ডিওতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে ডেসটিনি গ্রুপভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনসাধারণকে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও বেআইনিভাবে আর্থিক লেনদেনসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। বাণিজ্য মন্ত্রণালয় মনে করে, এই প্রতিষ্ঠানগুলোর সরকারিভাবে নিরীক্ষা করা সম্ভব হলে তহবিল, বিনিয়োগ ও লেনদেনের প্রকৃত চিত্র পাওয়া যাবে।’ চিঠির সঙ্গে রেজসকো থেকে নিবন্ধন নেওয়া ডেসটিনি গ্রুপের ৩৭টি প্রতিষ্ঠানের তালিকাও পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।১১ মন্ত্রণালয়ে চিঠি: ‘ডেসটিনি গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিষয়ে যথাব্যবস্থা’ বিষয়ে ১১ মন্ত্রণালয় ও বিভাগে গতকাল চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়গুলো হচ্ছে—অর্থ, স্বরাষ্ট্র, পরিবেশ ও বন, ভূমি, শিক্ষা, তথ্য, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, পল্লী উন্নয়ন ও সমবায়, গৃহায়ণ ও গণপূর্ত, বিদ্যুৎ এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়।মন্ত্রণালয় ও বিভাগগুলোর সচিবদের উদ্দেশে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অবৈধ ব্যাংকিংয়ের বিস্তর অভিযোগ রয়েছে। এমতাবস্থায়, ডেসটিনি গ্রুপভুক্ত কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম যদি আপনার মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন হয় এবং তা যদি বিধিবহির্ভূতভাবে পরিচালিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করা গেল।’ কমিশন গঠনের প্রস্তাব: ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের ব্যাপারে সার্বিক তদন্তের জন্য কমিশন গঠনের কথা জানিয়ে গতকাল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর কাছে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ‘ডেসটিনির বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে জনসাধারণের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, অবৈধ আর্থিক লেনদেন, শেয়ার বিক্রি ইত্যাদি। ব্যাংক কোম্পানি আইন ও আর্থিক প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করে তাদের কিছু প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। সুতরাং, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ই পদক্ষেপ গ্রহণ করবে।’এর আগে অবৈধ আর্থিক কার্যক্রম ও প্রতারণার জন্য ‘যুবক’ নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অর্থ মন্ত্রণালয়ই একটি কমিশন গঠন করেছিল বলে অর্থ মন্ত্রণালয়কে মনে করিয়ে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ডেসটিনির ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, রেজসকো এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আলাদা তদন্ত করছে।