সাবেক সেনা কর্মকর্তা ও ডেসটিনি ২০০০-এর অন্যতম পরিচালক দিদারুল আলমকে আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতারণার মাধ্যমে জনগণের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত্ ও মানি লন্ডারিং মামলার অন্যতম এই আসামির গ্রেপ্তারে দুদককে সাহায্য করেছে রাজধানীর কাফরুল থানার পুলিশ।ডেসটিনি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মোজাহার আলী সরকার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, আজ বেলা পৌনে তিনটায় মহাখালী ডিওএইচএসে তাঁর ব্যবসায়িক কার্যালয় থেকে দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আবেদন করা হবে।মোজাহার আলী বলেন, দিদারুলের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ২২ কোটি টাকা রয়েছে। অন্যদিকে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যাংক হিসাব ও নগদ তহবিলে মাত্র এক কোটির কিছু বেশি টাকা অবশিষ্ট আছে। ডেসটিনির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের ব্যক্তিগত ব্যাংক হিসাব ব্যবহার করে ঋণ, লভ্যাংশ ও কমিশন হিসাবে মোট এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২৪ টাকা অবৈধ উপায়ে স্থানান্তর করেছেন, এর প্রমাণ প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে। এসব লেনদেনের ক্ষেত্রে ডেসটিনির পরিচালক দিদারুল আলমের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। দুদক সূত্র জানান, দিদারুলকে কাল রোববার আদালতে হাজির করে দুই মামলায় ২০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হবে। গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ মোট ২২ জন কর্মকর্তার বিরুদ্ধে দুটি মানি লন্ডারিং মামলা করে দুদক। দিদারুল আলমকে গ্রেপ্তার করে দুদকে নেওয়ার পর ডেসটিনির অনেক কর্মকর্তা ও কর্মচারী দুদক কার্যালয় ঘিরে ফেলেন। তাঁরা তদন্ত দলের সদস্যদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। ডেসটিনির হাসান নামের একজন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের টাকা নিয়ে ওনারা খাইলে, আমরা খাওয়াইছি; আপনাদের এত গায়ে লাগে কেন?’এ ছাড়া যুবদলের ইসমাইল হোসেন সম্রাটের পরিচয় দিয়ে বাদল নামের এক ব্যক্তি তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী উপপরিচালক মো. তৌফিককে দেখে নেওয়ার হুমকি দেন। পরে বাদল সাংবাদিকদের জানান, তিনি ডেসটিনির অন্যতম পরিচালক মো. হোসাইনের মামাতো ভাই। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র প্রথম আলো ডটকমকে জানান, ডেসটিনির তিন পরিচালক ফারাহ দীবা, মোহাম্মদ গোফরানুল হক ও সাইদ উর রহমান এবং যুগ্ম সম্পাদক আজাদ রহমানকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। দুদক কার্যালয়ে আজ সকাল থেকে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীন ও চেয়ারম্যান মো. হোসাইনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে আট সদস্যের তদন্ত দল তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।হলমার্ক: সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক হোটেল শেরাটন) শাখা থেকে অর্থ আত্মসাতের ঘটনায় মূল প্রতিষ্ঠান হলমার্কের চেয়ারম্যান ও তানভীর মাহমুদের স্ত্রী জেসমিনকে অর্থের খোঁজে জিজ্ঞাসাবাদ করছে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নাল আবেদীন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল।