ডেসটিনির পাঁচ কর্মকর্তার জামিন বাতিলের শুনানি ১২ সেপ্টেম্বর
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা পৃথক দুটি মামলায় ডেসটিনির পাঁচ কর্মকর্তার জামিন বাতিল আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১২ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির কথা থাকলেও আসামিপক্ষ প্রস্তুত না থাকায় আদালত এই তারিখ ধার্য করেন।আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে জানান, মামলার নথি তলব করা অবস্থায় ডেসটিনির আরেক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু মামলার নথি রিভিশন আদালতে চলে আসার কারণে নিম্ন আদালতে ওই আসামির রিমান্ড শুনানি করা যাচ্ছে না। তাই তারা নথিটি নিম্ন আদালতে ফেরত পাঠানোর আবেদন জানিয়ে এই পাঁচ কর্মকর্তার জামিন বাতিল বিষয়ে শুনানির জন্য আরেকটি তারিখ ধার্য করার আরজি জানানো হয়।দুদুক এই আবেদনের বিরোধিতা করে বলে, রিভিশন শুনানির জন্য প্রস্তুত। যেহেতু আদালত নথি তলব করে এনেছেন, তাই রিভিশন শুনানি না হওয়া পর্যন্ত নথি ফেরত পাঠানোর কোনো সুযোগ নেই। পরে আদালত ওই তারিখ ধার্য করেন।ওই পাঁচ কর্মকর্তা হলেন: ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক ও পরিচালক সাঈদ-উর-রহমান। অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে দুদকের করা দুই মামলায় তাঁরা ৬ আগস্ট জামিন পান। দুদকের সহকারী উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ১৩ আগস্ট জামিন বাতিলের আবেদন করেন।গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় রফিকুল আমীন, হারুন-অর-রশিদসহ ডেসটিনির ২২ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মামলা দুটি করেন।