ডেসটিনির প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘ডেসটিনি অবৈধ ব্যাংকিং করছে’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ পাঠিয়েছে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। প্রতিবাদপত্রে প্রতিষ্ঠানটি বলেছে, এটি একটি সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান। নিবন্ধনকালে বলা হয়েছে, এর সভ্য নির্বাচনী কার্যক্রম ডেসটিনি ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সে অনুযায়ী আগ্রহী ডেসটিনি ব্যবসায়ীদের ভর্তি ফি, শেয়ার, সঞ্চয় ও বিবিধ খাতে অর্থ প্রদানের মাধ্যমে সদস্য করা হয়। প্রতিবেদনে প্রকাশিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার তথ্যও সঠিক নয়। আর যেহেতু এটি সমবায় অধিদপ্তরে নিবন্ধিত, তাই কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন নেই। সদস্য ছাড়া অন্যদের কাছে শেয়ার বিক্রি করা হয় না বলে পুঁজিবাজারে তালিকাভুক্তিরও দরকার নেই। প্রতিবাদে বলা হয়েছে, ২০১০ সালের ১৯ আগস্ট সমিতির কার্যক্রম দেশব্যাপী করার অনুমোদন দেয় সমবায় অধিদপ্তর। ৩৮ লাখ এজেন্টের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে—এ বক্তব্য পুরোপুরি মিথ্যা। গত ৩০ জুন পর্যন্ত সদস্য ছয় লাখ ৪০ হাজার ১৭৯। সুকৌশলে অর্থ সরিয়ে নেওয়ার বা এ ক্ষেত্রে অস্বচ্ছতার প্রশ্নই ওঠে না। এ ছাড়া সমিতির অনুমোদিত শেয়ার মূলধনের লক্ষ্যমাত্রা এক হাজার ৪০০ কোটি টাকা। ওই টাকার শেয়ার সদস্যদের কাছ থেকে বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়। তাঁদের মুনাফা দেওয়ার জন্য বিভিন্ন খাতে এ টাকা বিনিয়োগ করা হয়। এ ক্ষেত্রে সমবায় অধিদপ্তরের অনুমোদন রয়েছে। সমিতির নিট ক্ষতির বিষয়টি ঠিক নয়। বরং ২০১০ সালে মুনাফা হয়েছে ৪৮ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার টাকা। শেয়ার অনুযায়ী যার লভ্যাংশ সদস্যদের দেওয়া হয়েছে। প্রতিবেদকের বক্তব্য: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এটি প্রথম আলোর নিজস্ব অনুসন্ধান নয়।