ডেসটিনির প্রেসিডেন্ট হারুনের জামিন আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক দুই মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হারুন-অর-রশিদের জামিন আবেদন খারিজ করা হয়েছে। আবেদন যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট। আজ রোববার দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের পক্ষে শুনানি করেন আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।গত বৃহস্পতিবার পৃথক দুই মামলায় হারুন-অর-রশিদের জামিন আবেদন খারিজ করেছিলেন নিম্ন আদালত। ওই দিন বিকেলে দুই মামলায় এই সাবেক সেনাপ্রধানের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। আদালত আজ শুনানির দিন ধার্য করেছিলেন। দুপুর ১২টার দিকে শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট জামিন আবেদন খারিজ করে দেন। পরে হারুন-অর-রশিদের আইনজীবী আবদুল মতিন খসরু সাংবাদিকদের বলেন, বিচারিক আদালতে জামিন খারিজের বিরুদ্ধে আপিল করে আজই আবেদন দাখিল করা হবে। অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলায় গত বৃহস্পতিবার আত্মসমর্পণের পর ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জহুরুল হক এ আদেশ দিয়েছিলেন। দুদক গত ৩১ জুলাই রফিকুল আমীন, হারুন-অর-রশিদসহ ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় মামলা দুটি করে। তাতে সাধারণ বিনিয়োগকারীদের তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।