ডেসটিনির বিষয়ে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি
ডেসটিনি গ্রুপের অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত প্রতিবেদন তৈরি করলেও সেগুলো নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখা যাচ্ছে না।এদিকে অর্থ মন্ত্রণালয় ডেসটিনির সার্বিক অনিয়ম-দুর্নীতির বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি ডেসটিনির ওপর বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিবেদন ও মতামত সংগ্রহ করেছে। এসবের ভিত্তিতে সারসংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।সচিবালয়ে গত মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন আমি এ বিষয়ে কথা বলব না।’এদিকে, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরের (রেজসকো) গঠিত তদন্ত কমিটি এ পর্যন্ত তিনবার পাঠানো প্রতিবেদনে ডেসটিনি গ্রুপের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে একটি কমিশন গঠনসহ বেশ কিছু সুপারিশ করেছে। গত ১৩ ফেব্রুয়ারি সাত সদস্যের এই কমিটি গঠিত হয়। এপ্রিল, মে ও জুন মাসে এ তিনটি প্রতিবেদন পাঠানো হয় বাণিজ্য মন্ত্রণালয়ে। এ কমিটির প্রধান হলেন রেজসকোর নিবন্ধক আহমেদুর রহিম (সম্প্রতি অন্যত্র বদলি হয়েছেন)।রেজসকোর এক কর্মকর্তা জানান, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় আবারও স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছে। কার্যপরিধি অনুযায়ীই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হলেও মন্ত্রণালয় কেন বারবার একই কথা বলছে, তা তাঁদের কাছে রহস্যজনক।ওই কমিটির প্রথম প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে বাণিজ্যসচিব গোলাম হোসেন ১৭ এপ্রিল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কমিশন গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে এ বিষয়ে তিনি চিঠিও দেন। চিঠিতে বলা হয়, ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ অত্যন্ত বিশদ, ব্যাপক ও বহুমাত্রিক। এ বিষয়ে নিবিড় তদন্ত দরকার।অর্থমন্ত্রী ৭ এপ্রিল সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, যুবক (যুব কর্মসংস্থান সোসাইটি) কমিশনের মতো ডেসটিনির ব্যাপারেও একটি কমিশন করা হবে। ৯ মে তিনি বলেন, কিছু কাজ এখনো বাকি বলে ডেসটিনির বিষয়ে কমিশন গঠনে দেরি হচ্ছে।বাণিজ্যসচিব গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘সব প্রতিবেদনেই কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। কিন্তু সুপারিশের যৌক্তিকতা ও ভিত্তি খুবই দুর্বল। আমরা চাই, যুক্তি শক্তিশালী হোক।’সব প্রতিবেদনে অবৈধ ব্যাংকিং: ডেসটিনি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (ডিএমসিএসএল) কার্যক্রমের ওপর মার্চে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে অবৈধ ব্যাংকিংয়ের কথা বলা হয়। রেজসকোর তদন্ত কমিটির সর্বশেষ প্রতিবেদনেও বলা হয়, ডিএমসিএসএলের আমানত গ্রহণসংক্রান্ত কার্যক্রম দেশের যেকোনো তফসিলি ব্যাংকের আমানত গ্রহণ কার্যক্রমের হুবহু। মূলধন অবক্ষয়ের শিকার হয়ে প্রতিষ্ঠানটির মূলধন শিগগিরই ঋণাত্মক হয়ে পড়বে।অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, অন্য সংস্থাগুলোর প্রতিবেদনেও ডেসটিনির বিরুদ্ধে অবৈধ ব্যাংকিং, কর ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ পাওয়া গেছে।ফৌজদারি ব্যবস্থার সুপারিশ: সূত্র জানায়, বিভিন্ন সংস্থার প্রতিবেদনে ডেসটিনি গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক জরিপ চালানোর সুপারিশ করা হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, ডেসটিনির বিষয়ে মাঠপর্যায়ে ব্যাপকভিত্তিক পর্যবেক্ষণ ও অনুসন্ধান করা দরকার। তাহলেই প্রতারণার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। প্রতারিত ও ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে তাঁদের অভিযোগের ভিত্তিতে ডেসটিনির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে হবে।বৃক্ষরোপণে ভবিষ্যৎ প্রতারণা: রেজসকোর কমিটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বৃক্ষরোপণের নামে ৬, ৯ ও ১২ বছর মেয়াদি প্যাকেজের মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড। প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, মেয়াদপূর্তিতে আকর্ষণীয় হারে লভ্যাংশসহ ফেরত দেওয়া হবে, যা প্রকৃতপক্ষে ভবিষ্যৎ প্রতারণার শামিল। এটি নিয়েও মাঠপর্যায়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এ ধরনের প্রকল্প নেওয়ার আগে সরকারের অনুমোদন দরকার ছিল।২০০৬ সালে কার্যক্রম শুরু হলেও ২০১০ সালে বাণিজ্যিক বনায়নের অনুমতি চায় ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন। এই অনুমতি দেয়নি বাণিজ্য মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়।বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী পূর্ণাঙ্গ প্রতিবেদন না দেওয়ার বিষয়ে জানতে চাইলে রেজসকোর তদন্ত কমিটির প্রধান আহমেদুর রহিম কোনো কথা বলতে অপারগতা জানান।রেজসকোর নতুন নিবন্ধক বিজন কুমার বৈশ্য প্রথম আলোকে বলেন, তিনি নতুন এসেছেন। তাই তেমন কিছু বলতে পারছেন না।এনবিআরের একজন সদস্য মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘ডেসটিনি গ্রুপ কয়েক শ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। তারা এখন কর দিতে চাইছে। কিন্তু কর আদায়ের আগে তাদের অপরাধগুলো খুঁটিয়ে দেখা হচ্ছে।’ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী বর্তমানে বিদেশে রয়েছেন। বিদেশে যাওয়ার আগে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ডেসটিনির ব্যাপারে দেখে-শুনে ব্যবস্থা নেওয়া হবে।’