ডেসটিনি গ্রুপের ব্যাংক হিসাবের কার্যক্রম স্থগিতের আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।বাংলাদেশ ব্যাংক ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবসহ বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক ইস্কান্দার মিয়া এক আদেশে দৈনিক ডেসটিনি ও বৈশাখী লিমিটেড ছাড়া ডেসটিনি গ্রুপের ব্যাংক হিসাবের কার্যক্রম ৩০ দিনের জন্য স্থগিত করেন। ১৯ জুন স্থগিতাদেশের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো হয়।এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমিন আজ রিট আবেদনটি করেন। এতে রুল জারির পাশাপাশি স্থগিতাদেশও চাওয়া হয়।আজ রিট আবেদনের ওপর শুনানিতে অংশ নেন আইনজীবী শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সালাম মণ্ডল।আদালত থেকে বের হয়ে শ ম রেজাউল করিম প্রথম আলো ডটকমকে বলেন, মানি লন্ডারিং অ্যাক্টের ২৩ (১) (গ) ধারায় বলা আছে, অপরাধ সংগঠনের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ/সম্পদ অর্জন করে—এটা বিশ্বাস করার যুক্তিসংগত কারণ থেকে থাকে, সে ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক ওই সম্পত্তি বা অর্থ-সংক্রান্ত বিষয়ে লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করতে পারবে। কিন্তু যে আদেশ দ্বারা লেনদেন স্থগিত করা হয়েছে, সেখানে অপরাধ সংঘটনের কথা বলা হয়নি। এ ছাড়া কী কারণে লেনদেন স্থগিত করা হয়েছে, তা-ও বলা হয়নি। এ কারণে ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।