ডেসটিনির ব্যাপারে কমিশন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে যুবক (যুব কর্মসংস্থান সোসাইটি) কমিশনের মতোই একটি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল মঙ্গলবার রাতে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তদন্ত কমিশন গঠনের সুপারিশসংবলিত একটি চিঠি গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে পেয়েছেন বলেও জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, কালই (বুধবার) ডেসটিনির অনিয়ম-দুর্নীতি বিষয়ে তদন্ত কমিশন গঠনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তদন্ত কমিশনটি তিন বা পাঁচ সদস্যবিশিষ্ট হতে পারে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘কমিশন ছোট হওয়াই ভালো। কারণ, বেশি লোকে তেমন কোনো কাজ হয় না।’এদিকে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পক্ষে করা রিট আবেদন গতকাল সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।কমিশন গঠন: গতকাল বিকেলে অর্থমন্ত্রীর সঙ্গে কমিশন গঠন বিষয়ে দেড় ঘণ্টার একান্ত বৈঠক করেন বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন। বৈঠক শেষে বাণিজ্যসচিব সাংবাদিকদের বলেন, ডেসটিনির ব্যাপারে ব্যাপকভিত্তিক তদন্ত হওয়া দরকার। আর তাই কোনো কমিটি নয়, বরং দরকার একটি তদন্ত কমিশন। অর্থ মন্ত্রণালয় সেই তদন্ত কমিশনটি যেন করে দেয়, সেটাই তিনি অর্থমন্ত্রীকে জানিয়ে এসেছেন।অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ডেসটিনির ব্যাপারে কোনো কিছু পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দফার তদন্তের পর পর্যায়ক্রমে আরও তদন্ত করা হবে।’ কমিশন করে ব্যবস্থা নিতে গেলে তা দীর্ঘমেয়াদি হয়ে যায় কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ ছাড়া কিছু করার নেই। সাবধানে এগোতে হবে। কারণ, অনেকেরই স্বার্থ রয়েছে এতে। অনেকে বিনিয়োগও করেছেন।’‘ডেসটিনি ২০০০ লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবৈধ কার্যক্রম’ বিষয়ে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরের নিবন্ধক আহমেদুর রহিমের নেতৃত্বাধীন গঠিত কমিটি এরই মধ্যে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রতিবেদনে ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের জন্যই তদন্ত কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। সূত্র জানায়, অর্থমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে এই প্রতিবেদনের সুপারিশেরই আলোকে।অর্থমন্ত্রীর সঙ্গে বাণিজ্যসচিবের বৈঠক চলাকালে একপর্যায়ে কমিশনের রূপরেখার ব্যাপারে আলোচনা করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীকে ডেকে পাঠান অর্থমন্ত্রী।বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে তদন্ত কমিশনের সদস্য কারা হতে পারবেন, তা-ও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সমবায় আইন, কোম্পানি আইন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইন এবং সিকিউরিটিজ আইনে অভিজ্ঞ আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক, সমবায় অধিদপ্তর ও পুলিশ বিভাগের শীর্ষপর্যায়ের সাবেক কর্মকর্তারা কমিটির সদস্য হবেন। এতে আরও বলা হয়েছে, তদন্ত কমিশন ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের আলাদা নিরীক্ষা করবে এবং সম্পদ ও দায়দেনা নিরূপণ করবে। এ ছাড়া মানি লন্ডারিং, অবৈধ ব্যাংকিং ও গ্রাহক-প্রতারণা খতিয়ে দেখবে।রিট খারিজ: বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রিট খারিজের আদেশ দেন। বাংলাদেশ ব্যাংকের ওই পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পক্ষে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন ৮ এপ্রিল হাইকোর্টে রিটটি করেছিলেন।আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ যোগাযোগের বিষয় রিট আবেদনে চ্যালেঞ্জ করা যায় না। ১১ মার্চের ওই প্রতিবেদনের পর ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ২০ মার্চ অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে রিটটি অপরিপক্ব (প্রি-ম্যাচিউর) বলে তা সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত।ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, বাংলাদেশ ব্যাংক বা সরকার ডেসটিনির বিষয়ে আপত্তিকর কোনো শব্দ, বাক্য যেন ব্যবহার না করে এবং এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের বিষয়ে নির্দেশনা চেয়ে গতকাল একটি সম্পূরক আবেদন করা হয়। সম্পূরক আবেদনটি রিট আবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আদালত অভিমত দিয়েছেন।ডেসটিনির আইনজীবী মিজান সাঈদ আপিল করার বিষয়ে বলেন, আদেশের অনুলিপি পাওয়ার পর জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।আদালতে ডেসটিনির পক্ষে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন শুনানি করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী মিজান সাঈদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।