ডেসটিনির রিটের ওপর আদেশ ১৭ এপ্রিল
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষে করা রিটের ওপর আদেশ ১৭ এপ্রিল। আজ বুধবার শুনানি শেষে বিচারপতি ফরিদ আহামদ এবং বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।৮ এপ্রিল সোসাইটির পক্ষে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীন রিট আবেদনটি করেন। এতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন কেন অবৈধ হবে না, এ মর্মে রুল ও স্থগিতাদেশ চাওয়া হয়।আজ বেলা তিনটায় রিটের ওপর শুনানি হয়। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ। তাঁকে সহায়তা করেন আইনজীবী মিজান সাঈদ।রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।শুনানির শুরুতে হাসান আরিফ বলেন, ‘আমাদের আট লাখ সদস্য আছে। আমরা আরামে আছি। পাড়া-প্রতিবেশীদের আমাদের নিয়ে ঘুম নেই।’আদালত বলেন, ‘একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। কী ব্যবস্থা নেয় দেখেন।’ হাসান আরিফ বলেন, ‘ব্যাংক কোম্পানি আইনের ৫১ ধারা অনুসারে পরিদর্শন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন সোসাইটির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ, আইনের ৩ ধারায় এ বিষয়ে বলা আছে।’আদালত জানতে চান, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ব্যাংক কি না। জবাবে হাসান আরিফ বলেন, ‘এটি সমবায় সমিতি। সদস্যদের আমানত দেওয়া ও নেওয়া হয়ে থাকে। ঋণ দেওয়ারও সুযোগ আছে।’পরে শুনানি শেষে আদালত আদেশের এ দিন ধার্য করেন।