ডেসটিনির শীর্ষ তিন কর্মকর্তার রিমান্ড শুনানি বুধবার
অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে দুদকের করা দুই মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের রিমান্ড বিষয়ে শুনানি আগামী বুধবার অনুষ্ঠিত হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান শুনানির দিন ধার্য করেন।এদিকে পৃথক দুই মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আবেদন যথাযথ প্রক্রিয়ায় হয়নি জানিয়ে আজ দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তা খারিজ করে দেন। গত বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই তিন আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম দুই মামলায় ১০ দিন করে প্রত্যেককে ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আজ হাকিম আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির আবেদন করলে আদালত ১৭ অক্টোবর শুনানির তারিখ ধার্য করেন। গত ৬ আগস্ট রফিকুল আমীন, হারুন-অর-রশিদ, মোহাম্মদ হোসাইন, ডেসটিনি ২০০০ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক ও পরিচালক সাঈদ-উর রহমানকে জামিন দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ১২ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আখতারুজ্জামান জামিনের আদেশ বাতিল করেন। এরপর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জহুরুল হক পুনরায় শুনানি গ্রহণ করে ২৭ সেপ্টেম্বর জামিনের আদেশ বাতিল করে এখতিয়ারসম্পন্ন আদালতে তাঁদের আত্মসমর্পণের নির্দেশ দেন। ১১ অক্টোবর ওই তিন কর্মকর্তা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত নাকচ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে আজ হাইকোর্টে আসামি হারুন-অর-রশিদের পক্ষে আপিল করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী আবদুল মতিন খসরু। তিনি জানান, আগামীকাল সোমবার এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা।