ডেসটিনির সভাপতি হারুনকে কাল জিজ্ঞাসাবাদ করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন হাজার ২৮৫ কোটি টাকা মানি লন্ডারিংয়ের দুই মামলায় ডেসটিনির সভাপতি ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন-অর-রশিদকে কাল রোববার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র আজ শনিবার প্রথম আলো ডটকমকে জানান, ওই দুই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ছাড়াও তদন্ত দলের সঙ্গে সম্পৃক্ত জ্যেষ্ঠ উপপরিচালক বেনজির আহমেদ, মাহমুদ হাসান, নুরুল হক ও আখতার হামিদ ভূঁইয়া যৌথভাবে হারুন-অর-রশিদকে জিজ্ঞাসাবাদ করবেন।ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির প্রায় সোয়া তিন হাজার কোটি টাকা মানি লন্ডারিং ও আত্মসাতের ঘটনায় গত ৩১ জুলাই কলাবাগান থানায় দুটি মামলা হয়।দুদক সূত্র আরও জানান, হারুন-অর-রশিদের বক্তব্য নেওয়ার পর তাঁকে রফিকুল আমীন ও দিদারুলের মুখোমুখি করা হবে। মূলত, আত্মসাত্ করা অর্থের খোঁজ পেতেই তাঁর বক্তব্য প্রয়োজন। এর আগে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলমকে রিমান্ডে নিয়ে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থ তছরুপের বিষয়ে দুদকের করা মামলায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির এক হাজার ১৭৮ কোটি টাকা আত্মসাত্ ও মানি লন্ডারিংয়ের মামলায় জবানবন্দি শেষে রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইন ও দিদারুল আলমকে জেলে পাঠানো হয়। ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইন দুর্নীতির অপরাধ স্বীকার করেছেন বলে দুদক জানায়। অন্যদিকে দিদারুল আলমও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডেসটিনি বিল্ডার্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ডায়মন্ড বিল্ডার্সের ৮৪ কোটি টাকা আত্মসাত্ করার কথা স্বীকার করেছেন। ডেসটিনির সভাপতি জেনারেল হারুনকে আট শর্তে জামিন দেন হাইকোর্ট। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ডেসটিনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে; তদন্ত কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যখন যেখানে ডাকবেন, তাঁদের ডাকে সাড়া দিতে হবে।এর আগে, গত ১১ অক্টোবর আদালতের নির্দেশে জেনারেল হারুন, রফিকুল ও হোসাইন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলে যাওয়ার পর উচ্চ আদালত থেকে বিশেষ শর্তে জামিন পান হারুন-অর-রশিদ।