ডেসটিনির সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের ৩৫ সহযোগী প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার সুপারিশ করেছে ডেসটিনির অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখার জন্য গঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরের (রেজসকো) নিবন্ধককে প্রধান করে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল গত ১৩ ফেব্রুয়ারি। বাংলাদেশ ব্যাংক, সমবায় অধিদপ্তর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় এ তদন্ত কমিটি। কমিটি আট মাসের মাথায় গতকাল সোমবার বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনের কাছে ১৫০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রেজসকো সূত্র তা নিশ্চিত করেছে। উল্লেখ্য, একই কমিটি এর আগে দুই দফা প্রতিবেদন জমা দিলেও কার্যপত্র অনুযায়ী না হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় সেগুলো প্রত্যাখ্যান করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পাঁচ হাজার কোটিরও বেশি পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে ডেসটিনি গ্রুপ। এর মধ্যে তিন হাজার ৭৯৮ কোটি টাকার কোনো হিসাব দিতে পারছে না তারা। এই অর্থের বড় অংশই বিদেশে পাচার করে দেওয়া হয়েছে বলে কমিটির কাছে মনে হয়েছে। প্রতিবেদনে ডেসটিনি গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোর স্থাবর-অস্থাবর সম্পদ সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, ডেসটিনির যাবতীয় সম্পদ সরকারের নিয়ন্ত্রণে আনতে পারলেই প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত দেওয়া সম্ভব হবে। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভসহ সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে অনুমোদন নেওয়া সব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করতে তাদের লাইসেন্স বাতিল করারও সুপারিশ করা হয় প্রতিবেদনে। তদন্তকারী দলকে বিভিন্নভাবে হেনস্তা করাসহ ডেসটিনির লোকজন তাদের কাজে অসহযোগিতা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগের দুই প্রতিবেদনে ডেসটিনির কার্যক্রম আরও বিশদভাবে খতিয়ে দেখতে কমিশন গঠনের সুপারিশ করা হলেও এবারের প্রতিবেদনে সেই সুপারিশ করা হয়নি। এবার ডেসটিনির কর্তাব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য দেওয়ার ক্ষেত্রেও তদন্তকারী দলের সঙ্গে অসহযোগিতা করেছে ডেসটিনি কর্তৃপক্ষ। ব্যাংক হিসাব কেন জব্দ হলো—এ নিয়ে তদন্তকারী দলের সঙ্গে রূঢ় আচরণ করেছে ডেসটিনির কর্তাব্যক্তিরা। এসব কর্মকর্তার নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, বাণিজ্যসচিব গত রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ডেসটিনি-সংক্রান্ত করা প্রতিবেদনটি অর্থ মন্ত্রণালয়ে দাখিল করা হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর কাছে জানতে চাইলে গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ডেসটিনির মাধ্যমে মানি লন্ডারিং হয়ে থাকলে বা ডেসটিনি অবৈধ ব্যাংকিং করে থাকলে রেজসকোর প্রতিবেদনটি মূলত জমা হওয়া উচিত বাংলাদেশ ব্যাংকে। অর্থ মন্ত্রণালয়ের এ নিয়ে কিছু করার নেই বলে মনে করেন তিনি।