ডেসটিনির ২২ কর্মকর্তা আত্মসমর্পণ না করলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি ২০০০ লিমিটেডের ২২ কর্মকর্তাকে শিগগির গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। অর্থ পাচারের দুই মামলায় আদালত তাঁদের জামিন বাতিল করেছেন। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি পৃথক মামলা করে দুদক।আজ মঙ্গলবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান আরও বলেন, ‘ডেসটিনির কর্মকর্তারা দ্রুত আত্মসমর্পণ না করলে তাঁদের যেখানে পাওয়া যাবে, সেখানেই গ্রেপ্তার করা হবে।’ডেসটিনির ওই ২২ কর্মকর্তাকে ‘পলাতক আসামি’ আখ্যা দিয়ে গোলাম রহমান বলেন, ‘ডেসটিনির অপরাধ আমাদের কাছে গুরুতর। তারা আট লাখেরও বেশি মানুষের সম্পদ আত্মসাত্ করেছে। সুতরাং আমরা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি।’ওই ২২ কর্মকর্তার মধ্যে ডেসটিনি-২০০০-এর চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীন, পরিচালক মো. হোসেন, মো. গোফরানুল হক ও আবুল কালাম আজাদ রয়েছেন। এদিকে মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনির ২২ কর্মকর্তার ৫৩৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের একটি আবেদনের শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এই আদেশ দেন।