ডেসটিনির ২২ কর্মকর্তার ২৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ২২ জন কর্মকর্তার ২৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হকের আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে।ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামানের আদালতে গতকাল সোমবার এই আবেদন করেন দুদকের আইনজীবী মো. কবীর হোসেন।ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদসহ পাঁচ কর্মকর্তার জামিন বাতিল করেছিলেন এই আদালত। আসামিপক্ষের আইনজীবীরা ভারপ্রাপ্ত বিচারকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললে নিয়মিত আদালত তা স্থগিত করেন। গত ২৭ সেপ্টেম্বর পুনঃশুনানি নিয়ে নিয়মিত আদালতের বিচারক জহুরুল হক ভারপ্রাপ্ত বিচারকের আদেশ বহাল রাখেন। দুদকের আইনজীবীরা জানান, একই আদালত ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিলে আসামিপক্ষের আইনজীবীরা একই ধরনের প্রশ্ন তুলতে পারেন। তাই আদালত নিয়মিত আদালতে শুনানির তারিখ ধার্য করেন।আদালত সূত্র জানায়, যে ২৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন জানানো হয়েছে, সেগুলো আছে ৩১টি ব্যাংকে। রফিকুল আমীন, হারুন-অর-রশিদসহ যাঁদের ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করা হয়েছে, তাঁরা হলেন: ডেসটিনি-২০০০-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, দিদারুল আলম, পরিচালক গোফরানুল হক, মোহাম্মদ সাঈদ-উর-রহমান, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আলী, রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দীবা, জমসেদ আরা চৌধুরী, শেখ তৈয়েবুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, আজাদ রহমান, আকবর হোসেন, শিরিন আকতার, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সাইদুল ইসলাম খান ও আবুল কালাম আজাদ।আবেদনে বলা হয়, ডেসটিনি গ্রুপ সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ এবং সোসাইটি আইন ভঙ্গ করে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ নিজেদের স্বার্থে অবৈধভাবে অলাভজনক কোম্পানিসহ নন-অপারেটিং কোম্পানিতে কস্ট, বিনিয়োগ ও ঋণ দেখিয়ে লভ্যাংশ, কমিশন ও সম্মানী ভাতার নামে ব্যক্তিগত হিসাবে টাকা স্থানান্তর, হস্তান্তর করেন; যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯-এর ৪(২) ধারা, তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২)(৩) ধারার অপরাধ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি-২০০০-এর ব্যাংক হিসাবসহ প্রতিষ্ঠানের এমডি এবং স্বার্থসংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাংক হিসাব জব্দ করা প্রয়োজন।মামলা সূত্রে জানা যায়, ডেসটিনি মাল্টিপারপাসের হিসাব থেকে ২৭০ কোটি ৫২ লাখ ৪২ হাজার ৮২৪ টাকা ঋণ হিসেবে ১৪টি অলাভজনক প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে। একইভাবে ডেসটিনি-২০০০-এর হারুন-অর-রশিদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে ১৯ কোটি ৮২ লাখ টাকা; এর মধ্যে তোলা হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ টাকা এবং ব্যাংকে রয়েছে পাঁচ কোটি ৮৪ লাখ টাকা। রফিকুল আমীন ও ফারাহ দীবার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে ৮১ কোটি ৬৫ লাখ টাকা; এর মধ্যে তোলা হয়েছে ৭৩ কোটি ২৭ লাখ এবং ব্যাংকে আছে আট কোটি ৩৮ লাখ টাকা। একইভাবে অন্যান্য কর্মকর্তার নামের হিসাবে বিপুল অঙ্কের অর্থ স্থানান্তরিত হয়েছে।এ ঘটনায় দুদক কলাবাগান থানায় দুটি মামলা করে।